ফরিদপুরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস ভাড়া অর্ধেক (হাফ পাস) কার্যকরের দাবিতে পরিবহন মালিক সমিতির কাছে স্মারকলিপি দিয়েছেন রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান আহান ও সাধারণ সম্পাদক আব্দুর রাহিমের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বাস ও মিনিবাস মালিক সমিতির কাছে এ স্মারকলিপি দেয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইমুন সাফাত আরাফ, সহসভাপতি আপন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, প্রচার সম্পাদক সিয়ামসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন শহরে যাতায়াতকারী শিক্ষার্থীদের ভোগান্তির চিত্রও তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পরিবহন ভাড়া বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে এবং শিক্ষাজীবনে বিরূপ প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট পাস’ চালু করে হাফ ভাড়া কার্যকর করার জোর দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, হাফ ভাড়া চালু হলে তাদের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে।

কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবো এবং প্রয়োজন হলে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকি বলেন, শিক্ষার্থীদের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তাদের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’