লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান সুমাইয়া (২১) নামে এক কলেজছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১ মে) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী সজিব আহমেদ জয়কে (২৫) আটক করা হয়েছে। শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

সুমাইয়া উপজেলার হাজিরহাট এলাকার আবুল কালাম হায়দারের মেয়ে এবং হাজিরহাট উপকূল সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজে পড়াশোনার সময় সুমাইয়ার সঙ্গে দক্ষিণ চরকাদিরা এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে সজিব আহমেদ জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আড়াই বছর আগে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিষয়টি জয়ের পরিবার মেনে নেয়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময় পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয় এবং দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে।

শুক্রবার বিকেলে জয় সিএনজিচালিত অটোরিকশায় করে সুমাইয়াকে নিয়ে শ্বশুরবাড়ির সামনে আসে। সেসময় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। লক্ষ্মীপুরের স্টার কেএস হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জয়কে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা আবুল কালাম হায়দার অভিযোগ করেন, পরিবারের অমতে বিয়ে করায় শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা সুমাইয়াকে নানানভাবে নির্যাতন করত। তাদের পাশাপাশি স্বামীর নির্যাতনেরও শিকার হতে হতো সুমাইয়াকে। বিষয়টি বাড়ির লোকজনও অবগত। সম্প্রতি সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে শাশুড়ি ও ভাসুর এ জন্য সুমাইয়াকে দায়ী করেন। এ নিয়ে তারা সুমাইয়াকে গালমন্দ করাসহ মেরে ফেলার হুমকিও দেন। এসবের প্রতিবাদ করায় স্বামীসহ শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রী শ্বাসরোধ করে সুমাইয়াকে হত্যা করে পরে আত্মহত্যার অপপ্রচার চালায়।

তিনি আরো বলেন, ‘এটি নিশ্চিত হত্যাকাণ্ড। কারণ, নিহতের গলায় নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। তা ছাড়া আত্মহত্যাকারীর শরীরে সাধারণত যেসব লক্ষণ থাকে এসবের কিছুই সুমাইয়ার শরীরে নেই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ও স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।