মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ডে পরিবহনের টিকিটের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় শ্রমিকদের সংঘর্ষে ৪ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মধুমতি নামের ওই পরিবহনের যাত্রী মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আবুল কালামের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হাসানের ভাতিজা চয়ন (২৩), চয়নের ভাই জুবায়ের (২৫), পাল্লা গ্রামের বদরুল ইসলাম (৫০) ও আতিয়ার রহমানের ছেলে তৌকির আহমেদ (২৫)।

আহত যাত্রী চয়ন জানান, তিনি তার মাকে নিয়ে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে মধুমতি পরিবহনের একটি টিকিট কাটেন। গাড়িটি আসতে অনেক দেরি হওয়ায় চয়ন অন্য গাড়িতে যাওয়ার জন্য টিকিটের টাকা ফেরত চান। এ সময় সেখানকার টিকিটম্যান বদরুল ইসলাম তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর করেন।

এ সময় চয়নের এলাকার লোকজন খবর পেয়ে সেখানে এসে বদরুলকে মারধর করে জখম করে। এ ঘটনার জের ধরে পাল্লা গ্রামের তৌকির, পারনান্দুয়ালী জুবায়েরসহ মোট ৪ জন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান  জানান, ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এখনো কোনো মামলা হয়নি।