<p style="text-align: justify;">লালমাইয়ের বাগমারা বাজারে প্রতিদিন ভোরে দুধের হাট জমে ওঠে খামারি ও ব্যাপারীদের ব্যস্ততায়। মাত্র দেড় ঘণ্টার এই হাটে মাসে বাণিজ্য হয় প্রায় দেড় কোটি টাকার। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হক মেডিক্যালের সামনে বাগমারা দুধ বাজার। সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত বসে হাট।</p> <p style="text-align: justify;">এখানে প্রতিদিন পাঁচ হাজার থেকে সাত হাজার লিটার দুধ বিক্রি হয়। প্রতি কেজি দুধ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হওয়ায় দৈনিক বেচাকেনা হয় সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকার।</p> <p style="text-align: justify;">জানা গেছে, লালমাই উপজেলায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৫২৯টি দুধের খামার রয়েছে। এসব খামারের বড় অংশের দুধই বাগমারা বাজারের এই হাটে বিক্রি হয়।</p> <p style="text-align: justify;">বাজারে গিয়ে দেখা যায়, সাইকেল, মোটরসাইকেল ও অটোরিকশায় করে নিজস্ব পাত্রে দুধ নিয়ে আসছেন খামারিরা। বাজারে পৌঁছতেই ব্যাপারীরা তাঁদের ঘিরে ধরেন। ভালো মানের দুধ পাওয়ার জন্য অনেক ব্যাপারীর মধ্যে প্রতিযোগিতাও দেখা যায়। নোয়াপাড়া গ্রামের খামারি ফজলুল হক বলেন, ‘আমার দুটি গরু আছে। প্রতিদিন প্রায় ১৫ লিটার করে দুধ পাই।’ লালমাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ বলেন, ‘লালমাই একটি প্রাণিসম্পদে ভরপুর উপজেলা। উপজেলায় প্রতিদিন গড়ে সাত হাজার লিটারের বেশি দুধ উৎপন্ন হয়।’</p>