কুড়িগ্রামের উলিপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজ সন্তানদের হাতেই নির্যাতনের শিকার হয়েছেন এক বাবা। জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা আজাহারুল ইসলামকে (৬৩) লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার পর ঘরে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।

সম্প্রতি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আজাহারুল ইসলামের তিন ছেলের মধ্যে ছোট দুই ছেলে আল ইমরান (৩৮) ও আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে বাবার জমি নিজেদের নামে লিখে নিতে চাপ দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক ডাকা হলেও অভিযুক্তরা তাতে উপস্থিত হননি।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৮ এপ্রিল সকালে দুই ছেলে মিলে বাবাকে গালিগালাজ শুরু করে। বাবা প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে আজাহারুল ইসলামের ডান হাতের কবজির জয়েন্ট সরে গিয়ে গুরুতর জখম হয়। অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে বাবার মাথায় আঘাত করতে উদ্যত হলে বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বাধা দিয়ে বাবাকে রক্ষা করেন।

হামলার পর দুই ছেলে মিলে আহত বাবাকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে আজাহারুল ইসলামের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, ‘জমির লোভে আমার ছোট দুই ভাই বাবার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। এলাকার মানুষ মীমাংসার চেষ্টা করলেও তারা কথা শোনেনি।’

এ বিষ‌য়ে অভিযুক্ত ছে‌লে আল ইমরা‌নের সঙ্গে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, ‘এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধ থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’