<p style="text-align: justify;">চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৫)।</p> <p style="text-align: justify;">নিহত চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার গোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সীতাকুণ্ডের রেল গেট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।</p> <p style="text-align: justify;">প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ১০টার দিকে বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রেনের নিচে কাটা পড়েন রফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।</p> <p style="text-align: justify;">সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পকেটে থাকা তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।</p>