যশোরের কেশবপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপানে রহিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুকন্যা নুসরাত (৯) ও ছেলে রহিম (২) হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতা পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল মোতালেবের মেয়ে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মূলগ্রামে বাবার বাড়ির পাশে স্থানীয় বিদ্যালয়ের পেছনে গত ১১ এপ্রিল সন্ধ্যায় রহিমা খাতুন তার শিশুকন্যা নুসরাত ও ছেলে রহিমকে ঘাস মারার বিষ পান করিয়ে নিজেও পান করেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ রহিমা মারা যান। শিশুকন্যা নুসরাত ও ছেলে রহিম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের মধ্যে নুসরাতের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সমরেশ দত্ত বলেন, ‘মঙ্গলবার ভোরে ওই গৃহবধূ মারা যান। শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজন। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য তার স্বজনদের জানানো হয়েছে।’

কেশবপুর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’