<p style="text-align: justify;">কুমিল্লা নগরীতে দুর্বৃত্তদের হাতে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও আইন-শৃঙ্খলা বাহিনী এখনো হত্যায় জড়িতদের শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ বলছে, চাঞ্চল্যকর এ ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব, ডিবি, সিআইডি, পিবিআইসহ অন্যান্য সংস্থা।</p> <p style="text-align: justify;">এদিকে শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন। </p> <p style="text-align: justify;">সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট সম্মিলিতভাবে ঘটনার তদন্ত করছে। আশা করি দ্রুত রহস্য বের করা সম্ভব হবে। </p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকায় আইরিশ হোটেলের পাশের রাস্তা থেকে বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। তিনি কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। পরিবার নিয়ে তিনি রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায় থাকতেন। </p>