নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে পরিবারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার (২৭এপ্রিল) রাতের কোনো এক সময়ে তানজিনা নিজ বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, জনপ্রতিনিধি, পুলিশ ও গণমাধ্যমকে জানান, ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। পরে তদন্ত করে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।

চরজব্বর থানার ওসি লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্দেশ্যে ভুল তথ্য দেওয়া হয়েছিল। পরে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।