নড়াইলের কালিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে একটি বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিন শিশু শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে আবু সাঈদ (৮), সিয়াম শেখকে (১১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল কালিয়া উপজেলার মির্জাপুর শামছুর নাহার কেজি স্কুলে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে নারকেলগাছ ভেঙে বিদ্যালয়ের টিনের চালের ওপর পড়ে। টিন ও বাঁশের তৈরি বিদ্যালয়টি ভেঙে পরীক্ষারত শিক্ষার্থীদের ওপর আঘাত আনে। এ সময় তিন শিশু শিক্ষার্থী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়।

আবু হাসান নামে এক অভিভাবক জানান, সকালে ঝড় শুরু হলে স্কুলের পেছনে থাকা নারকেলগাছ বিদ্যালয়ের চালের ওপর পড়ে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন।

মির্জাপুর শামছুন নাহার স্কুলের প্রধান শিক্ষক মো. ইজাজ মাহমুদ গাজী বলেন, ঝড়ে নারকেলগাছ ভেঙে বিদ্যালয়ের ওপর পড়েছে। এতে কয়েকজন শিশু আহত হয়।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. জিন্নাতুল ইসলাম বলেন, ঝড়ে গাছ ভেঙে শিক্ষার্থী আহত হওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।