লক্ষ্মীপুরের কমলনগরে বাগদা চিংড়ির রেণু শিকারে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া জেলে মো. শিপন (২২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জের বাতিরখাল এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় নদীতে শিপন নিখোঁজ হন।

নিহত শিপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে। ঘটনার মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিপন মইজাল দিয়ে চিংড়ির রেণু শিকারে নবীগঞ্জ এলাকায় নদীতে নামেন। একপর্যায়ে জাল টানতে গিয়ে অসাবধানতাবশত তার পায়ে জালের রশি পেঁচিয়ে যায়। এতে তিনি স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। আশপাশে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে শিপন নিখোঁজ হন। ঘটনার দিন ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।