ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মণ্ডলের ছেলে ইকবাল হোসেন, খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন এবং ফয়লা ঈদগাহপাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম।

গ্রেপ্তারদের মধ্যে ইকবাল হোসেন একটি মামলায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। অপরদিকে সাদ্দাম হোসেন এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং লতিফুল ইসলামের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের ওয়ারেন্ট ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই রাজিবের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইকবাল ও সাদ্দামকে ঢাকার একটি এলাকা থেকে এবং লতিফুলকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’