ভবিষ্যতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য-প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাপ্রাপ্তি আরো সহজ হবে।

শুক্রবার বিকেলে মধুপুরে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে শনিবার তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে শক্তি বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের যথাযথ সম্মান দিতে হবে এবং পারস্পরিক সহনশীলতা ও ছাড় দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে, যা ভবিষ্যতে বিদ্যুৎসংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ গ্যাস সংকট মোকাবেলায় বিকল্প হিসেবে পারমাণবিক শক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’ পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

এই ঈদেও থাকছেন পূজা চেরী

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দারসহ দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

মন্ত্রী দুই দিনের সফরে মধুপুরের আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, অরণখোলা ইউনিয়নে ফ্রি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন, ধনবাড়ীর ভাইঘাটে একটি মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খননসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

দুই দিনের কর্মসূচিতে মধুপুর ও ধনবাড়ী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।