বগুড়ার আদমদীঘিতে এক দোকানিকে খুঁটি সরিয়ে পুঁততে বলায় ইকবাল হোসেন নামের বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে সুইচকেবিনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইকবাল উপজেলার সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও স্থানীয় মাইক্রোস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার রেলগেট থেকে স্টেশনে যাওয়ার রাস্তায় রেলওয়ে সুইচকেবিন সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে কিছু ব্যবসায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি রেল বিভাগের বড় কর্মকর্তা ভিজিটে আসার খবরে তারা দোকানগুলো সরিয়ে নেন। এরপর আবারও সেখানে দোকান বসান তারা।

আরো পড়ুন

ক্রীড়াক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না : পরিবেশমন্ত্রী

শনিবার সকাল থেকে জনৈক এক দোকানির ছেলে ফের সেখানে তাদের দোকান বসানোর জন্য খুঁটি পোঁতার কাজ করছিলেন। কিন্তু আগের জায়গার চেয়ে একটু সামনে খুঁটি পোঁতার কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে ভেবে জিআরপি থানা থেকে তাকে নিষেধ করা হয়। এর পরও কাজ চলমান রাখায় বিএনপি নেতা ইকবাল হোসেন খুঁটিটি সরিয়ে নিতে বললে ওই দোকানির ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে ২০-২৫ জন যুবক মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয়ে ইকবালকে এলোপাতাড়িভাবে মারধর এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ দোকানপাট থাকায় ট্রেনযাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এ জন্য ঘটনার পরপরই রেলওয়ে থানা, আইডব্লিউ ও নিরাপত্তা বাহিনীর লোকজনের উপস্থিতিতে চলাচলের সুবিধায় অবৈধ দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। চলাচলের রাস্তায় থাকা দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে।