নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক, ওয়্যারলেস, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে শনিবার (৯ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার সংগ্রামপুর দক্ষিণপাড়ার আতর আলীর ছেলে আক্তারুজ্জামান (৪৬) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডেকরা মিয়াজীবাড়ী এলাকার তাজুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম রাসেল (৩২)।

পুলিশ জানায়, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে একটি অ্যাশ রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র‌্যাবের ৪টি কালো কটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত ঢাকা একটি মাইক্রোবাসের তথ্যও পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানায়, তারা র‌্যাবের পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। দীর্ঘদিন ধরে তারা ও তাদের সহযোগীরা সরকারি বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং দুজনকে আদালতে পাঠানো হয়েছে।