বগুড়ার আদমদীঘির সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পেছন দিকে গড়িয়ে আসা সারবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর কবির (৪৫) নামের এক এনজিও ম্যানেজারের মৃত্যু হয়েছে।

নিহত রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। রবিবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় বড় আখিড়া নামের রেলগেটে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাকচালক আবু হাসানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সান্তাহার কেডিসি বাফার গুদাম থেকে সার বোঝাই করে নম্বরের একটি ট্রাক জামালগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় বড় আখিড়া নামের একটি উঁচু রেলগেটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে গড়িয়ে আসছিল। এ সময় বেশ কয়েক গজ পেছনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বুরো বাংলাদেশ এনজিওর সান্তাহার শাখার ম্যানেজার আলমগীর কবির ও এরিয়া ম্যানেজার নূরন্নবী ইসলাম। সারবোঝাই ট্রাকটি দ্রুত পেছন দিকে গড়িয়ে এলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর।

আরো পড়ুন

কোন জাতের আম বাজারে মিলবে কবে?

প্রত্যক্ষদর্শী এরিয়া ম্যানেজার নূরন্নবী ইসলাম জানান, ম্যানেজার আলমগীরের মোটরসাইকেলের পেছনের সিটে বসে তিনি বড় আখিড়া গ্রামে মৃত সদস্যদের তথ্য ও লোন বিতরণের তথ্য যাচাই করার জন্য যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি রেলগেটে উঠতে না পেরে পেছনের দিকে আসছিল। তা দেখে আলমগীর তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেন। এর পর মোটরসাইকেল নিয়ে তিনি নিজেও সরে আসার সময় ট্রাকটি গড়িয়ে এসে তার গায়ে উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ এবং চালক আবু হাসানকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।