চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে সাংবাদিক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৯ মে) রাতে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হুমকিদাতা নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ছোট ভাই ডেভিড ইমন বলে পরিচয় দেন। শনিবার বিকেলে ইমন হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিপ্লব দের সঙ্গে দুই মিনিট কথা বলেন। পরে একটি অডিও বার্তায় ইমন বলেন, ‘তোমারে ২৪ ঘণ্টার ভেতরে কী করি দেখো। তোমার সঙ্গে সুন্দর করে কথা বলি, তা কী ভালো লাগে না? যা বলছি তা ২৪ ঘণ্টার মধ্যে করে দাও। যদি না করো, তাহলে সারা শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব। এতগুলো গুলি করব, পরিবারের সদস্যরা গণনাও করতে পারবে না। সময় দিয়েছি ২৪ ঘণ্টা। এর মধ্যে টাকা যেখানে রাখতে বলছি সেখানে রাখবে। আমি যা বলি, তা করি। ২৪ ঘণ্টা পরে আমি তা করব। কোথাও দৌড়াদৌড়ি করে লাভ নাই।’

এ বিষয়ে বিপ্লব দে পার্থ কালের কণ্ঠকে বলেন, ‘আমাকে সাজ্জাদের ছোট ভাই ইমন পরিচয় দিয়ে প্রথমে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে হুমকি দেওয়া হয়। ফোনে তারা বলে, ‘অনেক টাকা ইনকাম করতেছিস এখন। আমাদের অনেক মানুষ কারাগারে। তাদের জন্য টাকা লাগবে।’ এ সময় তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা নেই বললে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে আমাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শনিবার রাতে আমি থানায় জিডি করেছি।’

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, অভিযুক্ত ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন, একই বছরের পতেঙ্গায় ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যা করাসহ সাতটি মামলা রয়েছে। পুলিশ সূত্র জানায়, তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনাকারীদের মধ্যে ইমন অন্যতম। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।