চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী আজও বয়ে চলেছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগ নিয়ে। আর সেই নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষার দাবিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী সাম্পান খেলা। যেখানে শুধু প্রতিযোগিতা নয়, ছিল নদী বাঁচানোর বার্তাও।

রবিবার (১০ মে) বিকেলে নদীর বুকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে ২০ তম সাম্পান খেলা। রঙিন সাজে সজ্জিত সাম্পান আর মাঝিদের ছন্দময় বৈঠার টানে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ঐতিহ্যবাহী এই সাম্পান খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। তিনি বলেন, ‘কর্ণফুলি নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এ নদীকে রক্ষায় জনসচেতনতা তৈরিতেও সহায়তা করবে।’

সাম্পান খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট প্রাক্তন ভিসি প্রফেসর মোজাম্মেল হক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি তৃতীয় হয়েছেন চরপাথরঘাটার রনি মাঝি সাম্পান খেলায় মোট ১১ দল অংশগ্রহণ করেন।