<p style="text-align: justify;">সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, হাসিনা সরকারের আমলে দেশে অপরাধ জগতের ‘ডনগিরি’ বা আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা বন্ধ ছিল। তবে সম্প্রতি দেশের অপরাধ জগৎ পুনরায় উত্তপ্ত হয়ে উঠছে এবং চাঁদাবাজরা আগের চেয়ে বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।</p> <p style="text-align: justify;">সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রনি বলেন, গত ১৭ বছরে দেশে কোনো শীর্ষ সন্ত্রাসীর অস্তিত্ব ছিল না। অস্ত্র, মাদক, চোরাচালান ও মুক্তিপণ আদায়ের মতো আন্ডারওয়ার্ল্ডের বড় অপরাধগুলো তখন নিয়ন্ত্রণে ছিল। তিনি উল্লেখ করেন, সেই সময় ছাত্রলীগ বা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি থাকলেও সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের সন্ত্রাসের আতঙ্ক ছিল না। তার মতে, তখনকার এমপি-মন্ত্রীরা বড় বড় উন্নয়ন প্রকল্পের কমিশন ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় চাঁদাবাজি করার সময় তাদের ছিল না। তবে ভোট না হওয়া এবং রাজনীতিতে ভারসাম্য না থাকায় মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা ছিল।</p> <p style="text-align: justify;">তিনি আরো বলেন, বিগত দুই মাসে দেশের অপরাধ পরিস্থিতি উদ্বেগজনকভাবে বদলে গেছে। তিনি বলেন, রাস্তাঘাটে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজির চাপ বহুগুণ বেড়েছে। যেখানে আগে ৫০ টাকা দিয়ে কাজ চলত, এখন ৩০০ টাকা দিয়েও হকাররা নিরাপদ থাকতে পারছে না। রাজধানীসহ সারা দেশে অপরাধীদের সিন্ডিকেটগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। ধানমণ্ডি, কলাবাগান ও নিউমার্কেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বাড্ডা, মোহাম্মদপুর এলাকায় একাধিক সন্ত্রাসী গ্রুপ বর্তমানে কাজ করছে। এই তৎপরতা এখন ঢাকা ছাড়িয়ে চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে ছড়িয়ে পড়েছে। এই অপরাধী চক্রগুলো যাদের টার্গেট করছে, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।</p>