<p>জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরী করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার এখনো সম্পূর্ণভাবে অস্বীকার করেনি যে তারা সংস্কার করবে না। কিন্তু সরকার এখনো খুব ক্লিয়ার পজিশন নেয়নি। একটা ছলচাতুরী তারা করছে। তারা বলছে, জুলাই সনদ করবে, বা সংস্কার করবে, বা অধ্যাদেশ যেগুলো ত্রুটি হয়েছে সেগুলো নিয়ে আসবে। কিন্তু কবে নিয়ে আসবে, কিভাবে আনবে, কত দিন লাগবে—এটা ক্লিয়ার না।’</p> <p>গতকাল গুলশানের একটি হোটেলে ‘সংস্কারের অচলাবস্থা : এগোনোর পথ’ শীর্ষক এক সংলাপে নাহিদ এসব কথা বলেন। সংলাপের আয়োজন করেছিল এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। সংলাপে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা ছিলেন। মানুষের সমস্যাগুলো প্রাতিষ্ঠানিক সংস্কারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মন্তব্য করে নাহিদ বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর মধ্য দিয়ে আপনি যদি গণতন্ত্র, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে পারেন, তাহলে আমাদের রাষ্ট্রের দৈনন্দিন সমস্যাগুলো, নাগরিক সমস্যাগুলো দূর করা সম্ভব।</p> <p> </p>