ঘুম মহান আল্লাহ তা’য়ালার অশেষ নেয়ামতগুলোর মধ্যে একটি। এর মধ্যদিয়ে দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)।
এ ক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট দোয়াও রয়েছে, যা প্রায় সবারই জানা। খোদ রাসুল (সা.)-ও এটি পাঠ করতেন। হুযায়ফা ইবন ইয়ামান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুল (সা.) যখন শোয়ার ইচ্ছা করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো-
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহ্ইয়াইয়া। অর্থ: হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে আবারও জাগ্রত হবো। (সুনান আত তিরমিজি: হাদিস: ৩৪১৭; সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫)
তবে ঘুমন্ত অবস্থায় মানুষ স্বপ্নে অবচেতনভাবে নানা কাল্পনিক ঘটনা অনুভব করে থাকে। যাকে মূলত দুইভাবে ব্যাখ্যা করা হয়। একটি হলো الرُّؤْيَا (আর-রুউয়া) বা ভালো স্বপ্ন এবং অপরটি الْحُلْمُ (আল-হুলমু) বা দুঃস্বপ্ন। হাদিসে ইরশাদ হয়েছে, ভালো স্বপ্ন বা সুস্বপ্ন আল্লাহ’র পক্ষ থেকে আসে। আর দুঃস্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে।
এজন্য ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙলে বা ঘুমের মধ্যে কোনোকিছু দেখে ভয় পেলে বাম দিকে তিনবার থুথু ফেলার কথা এসেছে। আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ভালো স্বপ্ন আল্লাহ’র পক্ষ থেকে হয়ে থাকে। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন যেন সে তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার বাম দিকে থুথু ফেলে। তাহলে সে স্বপ্ন আর তার কোনো ক্ষতি করবে না। (সহিহ বুখারি, হাদিস: ৬৫১৫, ৬৫৩৩)
এছাড়াও ঘুমের মধ্যে ভয় পেলে বিশেষ একটি দোয়া পড়ার কথাও হাদিসে এসেছে। আমর ইবন শুআয়ব তার বাবা এবং পিতামহের সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমাদের কেউ যদি ঘুমের মধ্যে ভয় পায়, তবে যেন সে নিচের দোয়াটি পাঠ করে, তাহলে তার কোনো অনিষ্ট হবে না-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
বাংলা: আউয্যু বিকালিমাতিল্লাহিত্ তাম্মাতি মিন্ গাযাবিহী ওয়া ইকাবিহী ওয়া শাররি ইবাদিহী ওয়ামিন হামাঝাতিশ্-শায়াতিনি ওয়া আন্ ইয়াহ্দুরূনি।
অর্থ: আল্লাহ তা’য়ালার পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় আমি পানাহ চাইছি তাঁর গজব, তার শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, (আরও পানাহ চাই) শয়তানের ওয়াসওয়াসা ও উপস্থিতি থেকে।
একই হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবন উমর (রা.) তার প্রাপ্তবয়স্ক সন্তানদের এই দোয়াটি শেখাতেন। আর যারা অপ্রাপ্তবয়স্ক ছিল, একটি পাতায় তা লিখে এটি তাদের গলায় বেঁধে দিতেন। (মেশকাত, হাদিস: ২৪৭৭; সুনান আত তিরমিজি, হাদিস: ৩৫২৮)
মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে শয়তান মানুষকে নাজেহাল করতে খারাপ স্বপ্ন দেখায়। অযথাই ভয়ংকর কিছু মানুষকে দেখিয়ে পেরেশানিতে রাখার জন্য। তবে কেউ খারাপ স্বপ্ন দেখলে সেটি আল্লাহওয়ালা ব্যক্তি বা স্বপ্নের ব্যাখ্যা জানেন এমন কাউকে ছাড়া অন্যদের বলার ক্ষেত্রে নিষেধ রয়েছে।




