পৃথিবী যখন জাহিলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, মানবতা যখন পথহারা, অত্যাচার আর নৈতিক অবক্ষয়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির হেদায়েত, মুক্তি ও কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল মুহাম্মদ (সা.) প্রেরণ করেন। তাঁর আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়, মূর্খতা ও কুসংস্কারের স্থান দখল করে জ্ঞান, ন্যায়, শান্তি ও মানবতার শিক্ষা। তিনি শুধু একজন নবী ছিলেন না; তিনি ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক, সর্বোত্তম আদর্শ এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তাই একজন মুমিনের জীবনে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা পোষণ করা। এ ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়; বরং এটি ঈমানের প্রাণ, হৃদয়ের স্পন্দন এবং জান্নাতের পথে চলার অন্যতম প্রধান পাথেয়।
নবী প্রেম ঈমানের অপরিহার্য শর্ত
মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসাকে ঈমানের সত্যতার অন্যতম প্রমাণ হিসেবে নির্ধারণ করেছেন। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের সবকিছুর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণতা লাভ করবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই।’ (সহিহ বুখারি, হাদিস : ১৫)
এ হাদিস আমাদের শেখায় যে নবীজির ভালোবাসা কোনো ঐচ্ছিক বিষয় নয়; বরং এটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
আল্লাহ ও তাঁর রাসুলকে সর্বাধিক ভালোবাসার নির্দেশ
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ‘বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য এবং তোমাদের পছন্দের বাসস্থান আল্লাহ, তাঁর রাসুল এবং তাঁর পথে জিহাদের চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত।’ (সুরা : তাওবাহ, আয়াত : ২৪)
এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে একজন মুমিনের হৃদয়ে সর্বোচ্চ স্থানে থাকতে হবে আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা।
ওমর (রা.)-এর ঈমান পূর্ণতার ঘটনা
একদিন ওমর ইবনুল খাত্তাব (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি আমার কাছে আমার নিজের জীবন ছাড়া সবকিছুর চেয়ে বেশি প্রিয়।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘না, সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় হই, ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না।’ তখন ওমর (রা.) বললেন, ‘আল্লাহর কসম! এখন আপনি আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়।’ তখন (সা.) বললেন, ‘এখন, হে ওমর! (তোমার ঈমান পূর্ণ হয়েছে)।’ (সহিহ বুখারি)
এ ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত ঈমান তখনই পরিপূর্ণ হয়, যখন নবীজির ভালোবাসা নিজের প্রাণের ভালোবাসাকেও অতিক্রম করে যায়।
সাওবান (রা.)-এর হৃদয়স্পর্শী নবী প্রেম
সাহাবি সাওবান (রা.) নবীজির বিচ্ছেদ কল্পনা করেও অস্থির হয়ে পড়তেন। তিনি একদিন বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি আমার কাছে আমার জীবন, পরিবার ও সন্তানদের চেয়েও অধিক প্রিয়। যখন আমি আপনাকে দেখতে পাই না, তখন অস্থির হয়ে পড়ি। আর যখন আপনার ও আমার মৃত্যুর কথা চিন্তা করি, তখন ভাবি—আপনি তো জান্নাতে নবীদের সর্বোচ্চ মর্যাদায় থাকবেন, আমি যদি জান্নাতে প্রবেশও করি, তবে হয়তো আপনাকে দেখতে পাব না।’ তাঁর এ গভীর ভালোবাসার প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে, তারা নবী, সিদ্দিক, শহিদ ও নেককারদের সঙ্গী হবে।’ (সুরা : নিসা, আয়াত : ৬৯)
এ আয়াত নবীপ্রেমিকদের জন্য এক মহাসুসংবাদ।
খুবাইব (রা.)-এর বিস্ময়কর নবী প্রেম
ইসলামের ইতিহাসে নবী প্রেমের এক অনন্য দৃষ্টান্ত খুবাইব (রা.)। শত্রুরা তাঁকে বন্দী করে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত করেছিল। সেই মুহূর্তে আবু সুফিয়ান (তখনও মুসলিম হননি) তাঁকে জিজ্ঞেস করল, ‘তুমি কি চাও, তোমার পরিবর্তে মুহাম্মদ (সা.) এখানে থাকুন এবং তাঁকে হত্যা করা হোক, আর তুমি তোমার পরিবার-পরিজনের কাছে নিরাপদে ফিরে যাও?’ খুবাইব (রা.) দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ‘আল্লাহর কসম! আমি আমার পরিবার-পরিজনের মাঝে নিরাপদে থাকার বিনিময়েও এটা পছন্দ করি না যে, রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র পায়ে একটি কাঁটাও ফুটুক।’ এই উত্তর শুনে কাফেররাও হতবাক হয়ে গিয়েছিল। এমন নিখাদ ভালোবাসার নজির মানব ইতিহাসে বিরল।
নবী প্রেমের প্রকৃত আলামত
নবী প্রেম শুধু মুখের দাবি নয়; এর বাস্তব প্রমাণ থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে।
১. সুন্নতের অনুসরণ করা : রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করাই নবী প্রেমের সর্বশ্রেষ্ঠ প্রমাণ। ইবাদত, আচার-আচরণ, লেনদেন, পরিবার ও সমাজ—সর্বত্র তাঁর সুন্নত অনুসরণ করতে হবে।
২. অধিক পরিমাণে দরুদ পাঠ করা : যে ভালোবাসে, সে প্রিয়জনকে বেশি স্মরণ করে। তাই নবীপ্রেমিকের জিহ্বা সর্বদা দরুদে সিক্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন।’ (সুরা : আহজাব, আয়াত : ৫৬)
৩. নবীজির সীরাত অধ্যয়ন করা : যত বেশি নবীজির জীবন জানব, তত বেশি তাঁকে ভালোবাসব। তাঁর জীবনচরিত, সংগ্রাম, ত্যাগ ও আদর্শ অধ্যয়ন করা নবী প্রেমকে গভীর করে।
৪. তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা : নবীজির নাম শুনলে দরুদ পাঠ করা, তাঁর সুন্নতকে সম্মান করা এবং তাঁর কোনো নির্দেশকে অবহেলা না করা প্রকৃত ভালোবাসার পরিচয়।
৫. দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা : নবীজির আনা দ্বীনকে নিজে পালন করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা নবী প্রেমের অন্যতম বহিঃপ্রকাশ।
৬. আহলে বাইত ও সাহাবিদের ভালোবাসা পোষন করা : রাসুলুল্লাহ (সা.)-এর পরিবার ও সাহাবিদের প্রতি ভালোবাসা পোষণ করাও নবী প্রেমের অংশ। কারণ প্রকৃত প্রেমিক প্রিয়জনের প্রিয়জনদেরও ভালোবাসে।
নবী প্রেমের সর্বোচ্চ পুরস্কার
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যার সঙ্গে ভালোবাসা রাখে, কিয়ামতের দিন সে তার সঙ্গেই থাকবে।’ (সহিহ বুখারি)
এই হাদিস নবীপ্রেমিকদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। যে ব্যক্তি আন্তরিকভাবে রাসুলুল্লাহ (সা.) ভালোবাসবে, তাঁর সুন্নত অনুসরণ করবে এবং তাঁর আদর্শ অনুযায়ী জীবন গড়বে, আল্লাহর রহমতে সে কিয়ামতের দিন তাঁর সঙ্গ লাভ করবে।
তাই নবী প্রেম কোনো আবেগঘন স্লোগানের নাম নয়; এটি ঈমানের প্রাণ, আত্মার খাদ্য এবং জান্নাত লাভের অন্যতম মাধ্যম। প্রকৃত নবীপ্রেমিক সেই ব্যক্তি, যে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতকে আঁকড়ে ধরে, তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে এবং তাঁর ভালোবাসাকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়। আসুন, আমরা শুধু মুখে ‘আমি নবীজিকে ভালোবাসি’ বলেই ক্ষান্ত না হই; বরং তাঁর নির্দেশিত পথে চলি, তাঁর সুন্নতকে জীবিত করি এবং নিজেদের জীবনকে তাঁর আদর্শে রঙিন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে আশেকে রাসুল হওয়ার তাওফিক দান করুন এবং কিয়ামতের দিন তাঁর সান্নিধ্য লাভের সৌভাগ্য নসিব করুন।
লেখক : শিক্ষক, মাদরাসাতু ইউছুফিয়্যা সরাইল, বি-বাড়িয়া।




