লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর অভিভাবক মো. নুরুল ইসলাম বাদী হয়ে রামগতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্লাস চলাকালে স্কুলের সামনে কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ নিয়মিত আড্ডা দেয় এবং শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তি ও ছাত্রীদের ইভটিজিং করে আসছে। গত ২২ এপ্রিল সকালে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি, পলক চন্দ্র দাশসহ তাদের সহপাঠীদের নিয়ে কটূক্তি করে রায়হান, তাওহীদসহ ৪-৫ জনের একটি গ্রুপ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে ওইদিন দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর শিক্ষার্থী রাব্বিকে এলোপাতাড়ি মারধর করা হয়। এর আগে ২১ এপ্রিল একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী পলক চন্দ্র দাশকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে অভিযুক্ত রায়হান, তাওহীদসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “দায়ীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। স্কুলের সামনে কোনো কিশোর গ্যাং বা বখাটে দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে।”