নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এনবিএস রাসেলকে সভাপতি ও জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন।

একই দিনে জেলার সদর উপজেলাসহ তিন ইউনিটের কমিটিও ঘোষণা করা হয়। সদর উপজেলায় সভাপতি সজিবুর রহমান সজিবকে সভাপতি এবং করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া নোয়াখালী পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটিতে আবদুর রহমান আনাসকে আহ্বায়ক এবং জুবায়র হোসেন আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলার সুবর্ণচর উপজেলা শাখার কমিটিতে জামাল উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং আহমেদ ফারুক বিজয়কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।

দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, ‘বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে।

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, ‘বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব। আমাকে নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’