সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি কোস্ট গার্ডকে জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে একই দিন বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাজন ও রতনকে আটক করা হয়। তারা উভয়েই খুলনার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী চক্র হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। এসময় তারা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি আরো জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।