ভোলার চরফ্যাশন উপজেলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাতে চরফ্যাশন প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশনের সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি সভায় চরফ্যাশন প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের হলুদ সাংবাদিক ও চাঁদাবাজ আখ্যা দিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। চরফ্যাশন প্রেস ক্লাবের পক্ষ থেকে তার এমন বক্তব্যের প্রতিবাদ ও কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। একই সঙ্গে ওই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা আলমগীর মালতিয়া বাদী হয়ে গত ২৭ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ৭ সাংবাদিকসহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান নথিভুক্ত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দেন। গত মঙ্গলবার (৫) মে বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মামলায় অভিযুক্তরা হলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি কামাল গোলদার, নির্বাহী সদস্য ও আগামীর সময় পত্রিকার প্রতিনিধি আবু সিদ্দিক, প্রেস ক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি জামাল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, চরফ্যাশন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি নোমান সিকদার এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল মিয়াজীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় যোগ দেন উপজেলায় কর্মরত সব গণমাধ্যমকর্মী।

এ সময় বক্তব্যে সাংবাদিকরা বলেন, ‘বিএনপি নেতা নিজের অপরাধ আড়াল করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা করছেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলাটি প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।’

একযোগে ৭ জন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার দায়েরের প্রতিবাদ জানিয়ে ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বিএনপি নেতা এ মামলাটি করেছেন। ওই বিএনপি নেতার বিরুদ্ধে ৫ আগস্টের পরে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ সকল বিষয় যাতে গণমাধ্যমে না আসে তার জন্য তিনি সাংবাদিকদের মামলা দিয়ে নিজের অপকর্ম আড়ালের চেষ্টা করছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’