সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযোগ রয়েছে, যুবদল নেতা তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে মাহবুবুল আলম বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটকে তৌকিরসহ কয়েকজন মারধর করে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে তুলে নিয়ে প্রথমে ঝাপড়া এলাকার একটি বালুর পয়েন্টে এবং পরে ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে আটকে রাখা হয়।

এ সময় মাহবুবুল আলমের পরিবারের কাছে মোবাইল ফোনে আরো দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে অসুস্থ অবস্থায় মাহবুবুল আলমকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বুধবার ভোরে অভিযান চালিয়ে তৌকির আহম্মেদ স্বপন ও রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী মাহবুবুল আলমের ছেলে সবুজ বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।