• ই-পেপার

দিনাজপুরে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি আটক

‘জয় বাংলা স্লোগান’ লেখার জের

মবের শিকার ভাগ্নেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল খালার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
মবের শিকার ভাগ্নেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল খালার

কক্সবাজারের উখিয়ায় ‘জয় বাংলা স্লোগান’ লেখার জের ধরে বিএনপি কর্মীদের সৃষ্ট মবের কবলে পড়ে ছাত্রলীগ কর্মী ভাগ্নে ইউনূস। এসময় তাকে রক্ষা করতে গিয়ে মবের শিকার হয়ে নিহত হয়েছেন তার খালা সৈয়দা খাতুন (৫০)। পুলিশ নিহত নারীকে ইউনূসের খালা বলে জানালেও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোওয়ার জাহান চৌধুরী জানিয়েছেন নিহত সৈয়দা খাতুন ইউনূসের প্রতিবেশী। মব সৃষ্টিকারীরা আহত স্থানীয় ছাত্রলীগ কর্মী ইউনূসকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উখিয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

আটক হওয়া ছাত্রলীগ কর্মী ইউনূস ও তার নিহত খালার স্বজনদের দাবি, তুচ্ছ ঘটনার জের ধরে ইউনূসকে বিএনপি কর্মীরা মব সৃষ্টি করে মারধর করেছে। ইউনূসের কান্নাকাটি শুনে তার খালা সৈয়দা খাতুন ভাগ্নেকে মব সৃষ্টিকারী একই গ্রামের বিএনপি কর্মীদের নিকট ক্ষমা চেয়ে ছাড়িয়ে আনতে গেলে অতি উৎসাহী দলীয় কর্মীরা তাকে মারধর করে। এতে ওই নারী রাস্তায় ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘টাইপালং গ্রামে একজনকে স্থানীয়রা ধরে আটকে রাখার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি ও জটলা দেখতে পায় পুলিশ। এর আগে থেকেই সেখানে এরকম দলাদলির ঘটনা ঘটছিল।’

তিনি জানান, ইউনূসকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই পুলিশ ওই ঘটনায় আরেক আহত নারীকে দেখতে পান।

ঘটনার বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আমি শুনেছি ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশ পৌঁছার আগেই বিএনপি কর্মীদের হাতে আটক ছাত্রলীগ কর্মী ইউনূসকে উদ্ধার করতে গিয়ে তার খালা সম্ভবত মারধরের শিকার হয়েছেন। যেহেতু পাকা রাস্তায় ধাক্কাধাক্কি আর মারধরে বয়স্ক নারী রাস্তায় পড়ে গিয়েছিলেন, তাই মাথায় আঘাতের কারণে মারা যেতে পারেন।’ তিনি জানান, নিহত নারীর সুরতহাল করে এখন লাশ উখিয়া থানায় রাখা হয়েছে। সেই সঙ্গে আটক ছাত্রলীগ কর্মী ইউনূসকেও রাখা হয়েছে থানায়।

এ ব্যাপারে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বাস্তবে এত বড় কোনো ঘটনা নয়। বিষয়টি আমি দেখছি। তবে স্থানীয় টাইপালং মাদরাসার দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখা থেকে গত বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মী ইউনূসের ফেসবুক আইডিতে কিছু লেখালেখি নিয়ে গত দুই দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এমনকি ছাত্রলীগ কর্মীরা শুক্রবার রাতে আমার উপজেলা বিএনপি অফিসের কেয়ারটেকার হোসেনকে মারধর করে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।’   

পুলিশ বলেছে, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরশিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের ডলফিন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরশিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের ডলফিন
ছবি: কালের কণ্ঠ

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূষর বর্ণের ডলফিন বরশিতে ধরা পড়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বরশিতে প্রায় ১৫ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কয়েকজন জেলে বিষখালী নদীতে মাছ ধরতে যান। এসময় নদীর মাঝামাঝি এলাকায় একটি বড় আকৃতির ডলফিন (শুশুক) বরশিতে আটকে যায়। পরে অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনলে দেখা যায় সেটি একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ভিড় জমায়।

জেলে জলিল মৃধা বলেন, ‘ডলফিনটি বরশিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে সেটি দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত ডলফিনটি বরশিতে আটকে যায়।

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
ছবি : কালের কণ্ঠ

‘সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ’ স্লোগানকে সামনে রেখে সাবেক যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শনিবার (১৬ মে) থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সেবা আপাতত শহরের ১১ নম্বর ওয়ার্ড থেকে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গ্রহণ করতে পারবেন।

উদ্যোক্তারা জানান, এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের খানপুর হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হবে। এছাড়া বাসা বা হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা-নেয়া এবং মৃতদেহ বাসা থেকে কবরস্থান বা শ্মশানে পৌঁছে দেওয়ার কাজও বিনামূল্যে করা হবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। অসুস্থ ও অসহায় মানুষ যেন দ্রুত চিকিৎসাসেবা পায় এবং জরুরি মুহূর্তে পরিবহন সংকটে না পড়ে, সে চিন্তা থেকেই আমাদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। জনগণ উপকৃত হলে পর্যায়ক্রমে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাতেও আলাদা অ্যাম্বুলেন্স দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে এই সেবা ঢাকা পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, তবে এখন থেকেই পরীক্ষামূলকভাবে সাধারণ মানুষ এই সেবা নিতে পারবেন।’

প্রসঙ্গত, সেবা নিতে ০১৭০৬৮৩৩০৯৪ এবং ০১৩৫৭০৭৭৮১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আমরা প্রত্যেক পরিবারকে সমৃদ্ধ করতে চাই : বিমান প্রতিমন্ত্রী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আমরা প্রত্যেক পরিবারকে সমৃদ্ধ করতে চাই : বিমান প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধ করতে চাই। আজ যেসব মায়েরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, তারা প্রতি মাসে এর সুবিধা পাবেন এবং আজীবন এই সুবিধা ভোগ করবেন।’

তিনি জানান, জামালপুর জেলার উন্নয়নে একযোগে কাজ করছেন স্থানীয় সংসদ সদস্যরা।

তার ভাষায়, ‘জামালপুরের পাঁচটি আসনে এক সংরক্ষিত আসনসহ আমরা ছয়জন এমপি রয়েছি। আমরা সবাই মিলে জামালপুরকে দেশের অন্যতম উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই উন্নয়নে আমরা আপনাদের সহযোগিতা চাই।’

শনিবার (১৬ মে) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি।

অনুষ্ঠানে বগারচর ইউনিয়নের টালিপাড়া ও সাতভিটা এলাকার মোট ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।