• ই-পেপার

কুমিল্লায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ তিন সন্ত্রাসী আটক হয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে একটি একে-২২ রাইফেল, গুলি ও চাঁদাবাজির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় গোলাগুলিতে সাথোয়াই মারমা নামের এক সন্ত্রাসী আহত হন।

শনিবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বেলা আনুমানিক ১২টায় পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনীর একটি আভিযানিক দল। এসময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল পার হওয়ার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামার নির্দেশ (চ্যালেঞ্জ) দেন। 

তবে সন্ত্রাসীরা সেই নির্দেশ উপেক্ষা করে সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে সেনাসদস্যরাও তাৎক্ষণিক পাল্টা গুলি চালান। এই গোলাগুলিতে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) ঘাড়ে গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ (২৮) সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামের অপর দুজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর আরো জানায়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে ম্যাগাজিনসহ ১টি একে-২২ রাইফেল, ৬ রাউন্ড তাজা গুলি, ১টি ব্যবহৃত (ফায়ারকৃত) কার্তুজ এবং চাঁদাবাজির আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গোলাগুলিতে আহত ইউপিডিএফ সদস্য সাথোয়াই মারমাকে ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা দিয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এমন কঠোর ও নিয়মতান্ত্রিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘জয় বাংলা স্লোগান’ লেখার জের

উখিয়ায় সংঘর্ষে ছেলেকে রক্ষা করতে গিয়ে নিহত মা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ায় সংঘর্ষে ছেলেকে রক্ষা করতে গিয়ে নিহত মা

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মীর হামলায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা স্লোগান’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দিলেও মামলা হয়নি। এরপর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার রাতে স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ইউনুসের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ইউনুসকে মারধর করা হলে তাকে বাঁচাতে এগিয়ে যান এনজিওকর্মী আবদুর রহমান (ইমরান)। অভিযোগ রয়েছে, তখন হামলাকারীরা ইমরানকেও মারধর শুরু করে।

পরিবারের সদস্যদের দাবি, ছেলেকে রক্ষা করতে গিয়ে ইমরানের মা সৈয়দা বেগমও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী।

হাসপাতালে নিহতের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান এবং অ্যাম্বুলেন্স চালক শামসুল আলমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

এদিকে ইউনুসকে মারধরের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, হাসপাতালে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বরশিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের ডলফিন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরশিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের ডলফিন
ছবি: কালের কণ্ঠ

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূষর বর্ণের ডলফিন বরশিতে ধরা পড়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বরশিতে প্রায় ১৫ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কয়েকজন জেলে বিষখালী নদীতে মাছ ধরতে যান। এসময় নদীর মাঝামাঝি এলাকায় একটি বড় আকৃতির ডলফিন (শুশুক) বরশিতে আটকে যায়। পরে অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনলে দেখা যায় সেটি একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ভিড় জমায়।

জেলে জলিল মৃধা বলেন, ‘ডলফিনটি বরশিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে সেটি দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত ডলফিনটি বরশিতে আটকে যায়।

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা
ছবি : কালের কণ্ঠ

‘সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ’ স্লোগানকে সামনে রেখে সাবেক যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শনিবার (১৬ মে) থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সেবা আপাতত শহরের ১১ নম্বর ওয়ার্ড থেকে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গ্রহণ করতে পারবেন।

উদ্যোক্তারা জানান, এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের খানপুর হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হবে। এছাড়া বাসা বা হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা-নেয়া এবং মৃতদেহ বাসা থেকে কবরস্থান বা শ্মশানে পৌঁছে দেওয়ার কাজও বিনামূল্যে করা হবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। অসুস্থ ও অসহায় মানুষ যেন দ্রুত চিকিৎসাসেবা পায় এবং জরুরি মুহূর্তে পরিবহন সংকটে না পড়ে, সে চিন্তা থেকেই আমাদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। জনগণ উপকৃত হলে পর্যায়ক্রমে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাতেও আলাদা অ্যাম্বুলেন্স দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে এই সেবা ঢাকা পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, তবে এখন থেকেই পরীক্ষামূলকভাবে সাধারণ মানুষ এই সেবা নিতে পারবেন।’

প্রসঙ্গত, সেবা নিতে ০১৭০৬৮৩৩০৯৪ এবং ০১৩৫৭০৭৭৮১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কুমিল্লায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা | কালের কণ্ঠ