ফরিদপুর জেলা কারাগারে শাহ্ আলম (৪৮) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার সকালে এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
মৃত শাহ্ আলম জেলার আলফাডাঙ্গা পৌর সদরের কালীবাড়ি রোড এলাকার জালাল মোল্লার ছেলে। তিনি একটি মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে হাজতি হিসেবে কারাগারে আসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে শাহ্ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাকে প্রথমে কারাগারের হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজতি শাহ্ আলম নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মৃতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





