রাজশাহী থেকে হঠাৎ আন্ত জেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে তারা বাস বন্ধ রেখে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নগরীর শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেককেই ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে বাসস্ট্যান্ডে আসি পরিবার নিয়ে। কিন্তু টার্মিনালে এসে দেখা যাচ্ছে বাস চলছে না। শ্রমিকরা ধর্মঘট করছেন। এটি কোনো কথা হলো?’
আরেক যাত্রী হুসনে আরা খাতুন বলেন, ‘আমি সকালে বাসস্ট্যান্ডে আসি ঝিনাহদহ যাব বলে। এসে দেখি বাস বন্ধ। কেন বন্ধ জানি না। সাধারণ মানুষের জানার অধিকারও হয়তো নেই। কিন্তু সাধারণ মানুষকে সবাই জিম্মি করতে পারে।’
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছেন। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি পদেও আছেন।
বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, ‘কে বা কারা বাস বন্ধ করেছে, সেটি তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।’




