• ই-পেপার

কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার আবুল হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশে সূত্রে জানা যায়, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ি এবং চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নড়াইলে পিকআপ-ট্রলি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নড়াইল সংবাদদাতা
নড়াইলে পিকআপ-ট্রলি সংঘর্ষে নিহত ১, আহত ৪
ছবি: কালের কণ্ঠ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতরা হলেন- নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী একটি পিকআপের সংঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার মঞ্জুরুল ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে মোট চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি মো. সেকেন্দার আলী বলেন, ‘নিহত পিকআপের হেলপারের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।’

পাকুন্দিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ১৯ হাজারের বেশি পশু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ১৯ হাজারের বেশি পশু
পাকুন্দিয়ায় কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত একটি গরুর খামার।

ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১৯ হাজার ২৬৬টি গবাদিপশু। উপজেলার চাহিদার তুলনায় ৩২৬টি পশু বেশি রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পাকুন্দিয়ার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ২ হাজার ৯৯১টি খামারে কোরবানির পশু লালন-পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ হাজার ৬৯৩টি গরু, ২৪টি মহিষ, ৪ হাজার ৩৮০টি ছাগল ও ১৬৯টি ভেড়া। উপজেলায় কোরবানির সম্ভাব্য চাহিদা ১৮ হাজার ৯৪০টি পশু।

সরেজমিন দেখা গেছে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খামারি ও গৃহস্থদের ব্যস্ততা বেড়েছে। পশুকে হৃষ্টপুষ্ট করতে গমের ভূষি, ছোলা, খেসারি ও মসুরের ভূষিসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে। নিয়মিত গোসল করানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও সময়মতো খাবার দেওয়ার মতো কাজেও বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা।

দরগা বাজার এলাকার রুবেল এগ্রো ফার্মের মালিক রুবেল মিয়া বলেন, তার খামারে ৪০টি গরু রয়েছে। তিনি প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করছেন। তিনি গরুগুলোকে গমের ভূষি, ছোলা, খেসারি ও মসুরের ভূষি খাওয়াচ্ছেন। সবগুলো গরুই স্থানীয়। বিভিন্ন এলাকা থেকে কিনে খামারে এনে লালন পালন করছেন তিনি। 

মঙ্গলবাড়িয়া গ্রামের খামারি রিপন মিয়া জানান, কোরবানির জন্য তিনি ১৬টি গরু প্রস্তুত করেছেন। তবে গোখাদ্য ও ওষুধের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। সীমান্ত দিয়ে চোরাই পথে গরু এলে বাজারদর কমে যাওয়ার আশঙ্কাও করছেন তিনি।

আরো পড়ুন
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবর বলেন, কোরবানির জন্য প্রস্তুত পশুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। স্টেরয়েড বা ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার না করতে খামারিদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। অসুস্থ বা কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু যাতে বাজারে বিক্রি না হয়, সে বিষয়ে নজরদারি থাকবে।

বাড়ির পেছনে গাঁজার চাষ, ২ ভাই আটক

ভোলা প্রতিনিধি
বাড়ির পেছনে গাঁজার চাষ, ২ ভাই আটক
ছবি: কালের কণ্ঠ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতঘরের পেছনে গাঁজা চাষের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)। তারা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া সেল আজ সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদার নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে সুমন ও নোমানের বসতঘরের পেছন থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে দুই ভাইকে আটক করা হয়।

আরো পড়ুন
নদী থেকে শূন্য হাতে ফিরছেন জেলেরা

নদী থেকে শূন্য হাতে ফিরছেন জেলেরা

 

পুলিশের দাবি, আটক দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।