• ই-পেপার

ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিদ্রুপ করতেন, তারাই এখন নিজ নিজ এলাকার জন্য কার্ড চাচ্ছেন’

বাড়ির পেছনে গাঁজার চাষ, ২ ভাই আটক

ভোলা প্রতিনিধি
বাড়ির পেছনে গাঁজার চাষ, ২ ভাই আটক
ছবি: কালের কণ্ঠ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতঘরের পেছনে গাঁজার চাষের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)। তারা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া সেল আজ সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদার নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে সুমন ও নোমানের বসতঘরের পেছন থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে দুই ভাইকে আটক করা হয়।

আরো পড়ুন
নদী থেকে শূন্য হাতে ফিরছেন জেলেরা

নদী থেকে শূন্য হাতে ফিরছেন জেলেরা

 

পুলিশের দাবি, আটক দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রামগতি-কমলনগর

নদী থেকে শূন্য হাতে ফিরছেন জেলেরা

আমানত উল্যাহ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
নদী থেকে শূন্য হাতে ফিরছেন জেলেরা
মাছ না পাওয়ায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো প্রায় দুই সপ্তাহ ধরে ঘাটে পড়ে আছে। সোমবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাটে। ছবি : কালের কণ্ঠ

মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীতে গত মার্চ ও এপ্রিল মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা শেষে দুই সপ্তাহের বেশি পার হয়েছে। এখনও ইলিশ না পেয়ে শূন্য হাতে ফিরছেন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার জেলেরা। 

দুই উপজেলার মাছঘাটগুলো এখন একেবারেই ফাঁকা। শুনশান নীরবতা দেখা গেছে ঘাটগুলোতে। এ অঞ্চলের ৩৪ হাজারের বেশি জেলে সম্প্রদায় মাছের জন্য অপেক্ষমাণ।

মাছের আড়তদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস নিষেধাজ্ঞা শেষে গত ১ মে মধ্যরাত থেকে নদীতে মাছ ধরার জন্য প্রস্তুতি নেন তারা। কিন্তু বৈরী আবহাওয়াসহ বিভিন্ন কারণে জেলেরা তখন সেভাবে মাছ শিকারে নামতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নামেন। তবে  রাত-দিন জাল ফেলেও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।

রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীর রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাট, আসলপাড়া ঘাট, টাংকিরঘাট, ব্রিজঘাট, ওছখালী, গাবতলীর ঘাট, ওয়াপদা বাজার ঘাট ও কমলনগর উপজেলার লুধুয়াঘাট, মাতব্বরহাট ঘাট, সাহেবেরহাট, চরকালকিনি, নাছিরগঞ্জ, নবীগঞ্জ ও মতিরহাট মাছঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

এসব ঘাটের জেলেরা জানান, ইলিশ ধরার জন্য মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেও কোনো মাছ পাওয়া যাচ্ছে না। আগের মতো নদীতে মাছ নেই।  আগে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও পর্যাপ্ত  পাওয়া যেত। এবার মাছ নেই বললেই চলে। এতে জেলে পল্লীগুলোতে হাহাকার দেখা দিয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে ১৪ হাজার ৯৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন। আর রামগতিতে নিবন্ধিত জেলের সংখ্যা ২০ হাজার ৩৬০। দুই উপজেলায় মোট ৩৪ হাজার ৪৫৮ জন জেলে রয়েছেন।

মাছ ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৮ দিন পার হলেও মেঘনা নদীতে দিন-রাত জাল ফেলেও কাঙ্খিত মাছ না পাওয়ায় জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে আর্থিক সংকট। একদিকে জেলেদের আয় নেই, অন্যদিকে স্থানীয় মাছের ঘাটগুলোতেও দেখা দিয়েছে ক্রেতা, বিক্রেতা ও মাছ সংকট। সেখানে এখন শুনশান নীরবতা।

মাছঘাটের শ্রমিকরা বলছেন, নদীতে মাছ নেই। অধিকাংশ জেলে খালি নৌকা নিয়ে ফিরছেন। এ জন্য তারা ঘাটে অলস সময় পার করছেন। আর অপেক্ষায় রয়েছেন, কখন ঘাটে স্বপ্নের সেই রূপালী ইলিশ আসবে, মাছঘাট জমজমাট হবে।

আলেকজান্ডার মাছঘাটের আড়তদার মফিজ মিয়া বলেন, অন্যান্য বছর এই সময় ইলিশসহ বিভিন্ন ধরনের মাছে ভরপুর থাকত। ঘাট থাকত সরগরম। এ বছর একেবারেই ভিন্ন চিত্র। জেলেদের জালে মাছ না পড়ায় মাছঘাট একেবারেই নীরব।

ট্টলার মালিক ইয়াছিন জমাদার বলেন, এমনিতেই দেশে জ্বালানি তেলের বাজার গরম। অতিরিক্ত টাকা খরচ করে তেলভর্তি করে ট্রলার নিয়ে ১৮ দিন নদীতে জাল ফেলে আজ শূন্য হাতে ফিরতে হচ্ছে। তিনি বলেন, জেলেরা নদীতে নেমে মাছ পাচ্ছেন না। মাঝেমধ্যে দুই-চারটি মাছ পড়ে; তাতে ভাতের খরচও ওঠে না তাদের।

জেলে সেলিম মাঝি বলেন, দুই মাসের অভিযান শেষে যখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছি, তখন আবহাওয়া ভালো ছিল না। এ কারণে অনেক জেলে নদীতে নামতে পারেননি। যারা নেমেছেন, তারা অধিকাংশই খালি হাতে ফিরছেন। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান ও কমলনগরের মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, দুই মাস নিষেধাজ্ঞার পর স্বাভাবিকভাবেই মাছ কম পড়বে। সাগরের মিঠাপানির স্রোত শুরু হলে ইলিশ নদীতে আসতে শুরু করবে। আশা করছি অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত মাছ পেতে শুরু করবেন জেলেরা।

মিরসরাই

পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ৪
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী। এ সময় উত্তরপত্র না দেখানোয় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০-১২ জন পরীক্ষার্থী তাদের দুজনকে ছুরিকাঘাত করে জখম করে। পরে অন্য সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে আহত এ পরীক্ষার্থীর বাবা। এর পর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত ৪ কিশোরকে আটক করেছে।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘রাতব্যাপী অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

সড়কের পাশে নজর কাড়ছে-মন রাঙাচ্ছে জারুল

আলম ফরাজী, ময়মনসিংহ
সড়কের পাশে নজর কাড়ছে-মন রাঙাচ্ছে জারুল
জারুল ফুলের সৌন্দর্য ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কে শোভা পাচ্ছে। ছবি: কালের কণ্ঠ

সড়কের দুই পাশে ঘন সবুজ গাছ। সেই সবুজের মাঝেই থোকা থোকা বেগুনি ফুল যেন ছড়িয়ে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। কোথাও বাতাসে দুলছে ফুলভরা ডালপালা, কোথাও ঝোপঝাড়ের ফাঁকে ফুটে আছে রঙিন ফুলের মেলা। ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কের দু-পাশজুড়ে এখন দেখা মিলছে এমন মনোমুগ্ধকর দৃশ্যের।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই এই উঁচু গাছের ফুলের নাম জানেন না। তবে ফুলটির নাম ‘জারুল’। গাছে ফুল ফোটার পর থেকেই এর নাম জানতে আগ্রহ দেখা যাচ্ছে সবার মধ্যে। যেন বেগুনি রঙের জারুল ফুলে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো পথঘাট।

রবিবার দুপুরে আঠারবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সড়কের সারি সারি গাছে ফুটেছে জারুল ফুল। স্কুল ছুটির পর দলবেঁধে বাড়ি ফেরা শিশুরা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থমকে দাঁড়ায়। কেউ বই-খাতা নামিয়ে গাছে উঠে ডালভরা ফুল সংগ্রহ করছে, কেউ আবার হাতে নিয়ে দেখছে বেগুনি রঙের ফুলের তোড়া।

তামিম, সায়ান, আঁখি ও ময়নাসহ অনেক শিশুই ফুল হাতে নিলেও এর নাম বলতে পারেনি। তবে তাদের উচ্ছ্বাসেই বোঝা যায়, ফুলটি তাদের মন জয় করেছে। তামিম বলে, নাম দিয়া কি অইবো, ফুলডা খুবই সুন্দর। বাড়িত নিয়ে বোতলে পানি দিয়া রাইখ্যা দিয়াম।

গ্রীষ্মের প্রকৃতিতে এখন কৃষ্ণচূড়া, সোনালুসহ নানা দেশীয় ফুল ফুটছে। এর মধ্যেও আলাদা করে নজর কাড়ছে জারুল। একসময় গ্রামগঞ্জ, নদীপাড়, হাওরাঞ্চল ও জলাভূমির আশপাশে প্রচুর জারুলগাছ দেখা যেত। এখন সেই প্রাচুর্য কমে গেলেও প্রকৃতিতে এখনো টিকে আছে এর সৌন্দর্যময় উপস্থিতি। কোথাও একা, কোথাও দলবেঁধে বেগুনি ফুলে ভরে উঠেছে জারুলগাছ।

উদ্ভিদবিদ ও গবেষক মো. আজাহারুল ইসলাম জানান, জারুল বাংলাদেশের একটি পরিচিত জলাভূমিপ্রধান গাছ। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের জলাভূমি অঞ্চলে এর আদি নিবাস। জলাভূমির আশপাশেই এ গাছ বেশি জন্মে। এটি পানিপ্রিয় প্রজাতি হলেও শুকনো এলাকাতেও সহজে মানিয়ে নিতে পারে।

তিনি বলেন, জারুলগাছ সাধারণত ১০ থেকে ২৫ মিটার পর্যন্ত উঁচু হয়। গ্রীষ্মের শুরু থেকে শরৎকাল পর্যন্ত এতে ফুল ফুটতে দেখা যায়। গাছের কচি পাতার ফাঁকে থোকা থোকা বেগুনি ফুল ফুটে এক মনোরম দৃশ্য তৈরি করে।

আরো পড়ুন
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

 

জারুল ফুলের ইংরেজি নাম ‘প্রাইড অব ইন্ডিয়া’। এর বৈজ্ঞানিক নাম Lagerstroemia speciosa। জারুলের কাঠ লালচে, শক্ত ও মূল্যবান হওয়ায় ঘরের কড়ি-বরগা, নৌকা ও আসবাব তৈরিতে ব্যবহার করা হয়। এ ছাড়া জ্বর, কাশি ও অনিদ্রাসহ বিভিন্ন রোগে এর ভেষজ গুণও রয়েছে।