কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তীরবর্তী এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
স্থানীয় বাসিন্দাদের ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভাঙনরোধে পদক্ষেপ দাবির পাশাপাশি নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদ জানান তারা।
বক্তারা বলেন, বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের রসুলপুর পাড়া, হিন্দুপাড়া, মাঝিপাড়া ও কানাপাড়া এলাকা ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের মুখে রয়েছে। গত এক বছরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনে দুই শতাধিক ঘরবাড়ি, প্রায় ৫০০ একর কৃষিজমি, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস ও ধর্মীয় উপাসনালয় নদীগর্ভে বিলীন হয়েছে।
এ ছাড়া সহস্রাধিক ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাজার হাজার একর কৃষিজমি বর্তমানে হুমকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।




