• ই-পেপার

কালীগঞ্জ

ধানক্ষেতে ঘাস চাষ, লাভ পাঁচগুণ

কোরবানির গরুবাহী গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কোরবানির গরুবাহী গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩
সংগৃহীত ছবি

গরু বিক্রি করতে হাটে যাওয়ার সময় কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে কোরবানির গরুবাহী পিকআপের সঙ্গে নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গাড়িতে থাকা ৪টি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক জবাই করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক রাজিব (৩৫) পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে। আহত গরুর ব্যবসায়ী হারুন মিয়াসহ অন্যদের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. খোরশেদ আলম কালের কণ্ঠকে বলেন, ‘গরুবাহী পিকআপের সঙ্গে নসিমনের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

পিরিজপুর বাজার বণিক সমিতির সদস্য কবির মিয়া স্থানীয় লোকজনের বরাতে জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি নসিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হওয়ায় মালিকের অনুমতিতে সেগুলো জবাই করা হয়েছে।
 

ব্রাহ্মণবাড়িয়া

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগে মিলল বিপুল গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগে মিলল বিপুল গাঁজা
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, ট্রেনের ছাদে বিশেষ কায়দায় তিনটি স্কুলব্যাগে মোট ১২ কেজি গাঁজা লুকিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে এ অভিযান চালানো হয়। আজমপুর  রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিলে তল্লাশি চালানো হয়।

তিনি আরো জানান, এ সময় ট্রেনের এসি বগির ছাদের ওপরে থাকা এসি  কাভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা তিনটি স্কুলব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লালপুরে বিদেশি অস্ত্রসহ আটক ৪, পলাতক ১

নাটোর প্রতিনিধি
লালপুরে বিদেশি অস্ত্রসহ আটক ৪, পলাতক ১
সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় এক আসামি পালিয়ে যায়। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সোয়া একটায় লালপুর থানার এসআই (নি.) মো. আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলে ছিলেন। এসময় গোপন তথ্যের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেট কারের চার ব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন—মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০) এবং মো. মনিরুজ্জামান (৩৯)। এদের মধ্যে তিনজন ঈশ্বরদী এলাকার এবং একজন লালপুরের বাসিন্দা।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বাগেরহাট

চুইঝালে বেজায় ঝাল ঈদের বাজারে

মামুন আহমেদ, বাগেরহাট
চুইঝালে বেজায় ঝাল ঈদের বাজারে
বাগেরহাটের ফকিরহাট বাজারে চুইঝাল বেচায় ব্যস্ত এক বিক্রেতা। সোমবার তোলা। -কালের কণ্ঠ

গরুর মাংসের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে চুইঝাল একটি অপরিহার্য উপকরণ। কোরবানির ঈদ সামনে রেখে উপকরণটির  চাহিদা এখন ব্যাপক। বাড়তি চাহিদার কারণে বাজারে বেড়েছে এর বেচাকেনা; দামও ঊর্ধ্বমুখী। 

দেশের অন্যান্য স্থানের মতো বাগেরহাটের হাট-বাজারেও বেড়েছে ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা ও দাম। অন্য সময় জেলার বিভিন্ন হাট-বাজারে আকারভেদে প্রতি কেজি চুইঝাল বিক্রি হয় ৪০০ থেকে ৮০০ টাকায়। এখন তার দাম ৬০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত। 

সরেজমিন দেখা যায়, জেলার ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাট, সদরসহ বিভিন্ন বাজারের চুইঝালের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শুধু স্থানীয় ক্রেতাই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও ভিড় করছেন এ মসলার বাজারে। 

স্থানীয়রা জানান, কোরবানির মাংস রান্নায় বাড়তি স্বাদ ও ঝাঁজ যোগ করতে চুইঝালের জুড়ি নেই। সুগন্ধি ও ঝাঁঝালো স্বাদের কারণে যেকোনো মাংস রান্নায় এটি এনে দেয় ভিন্ন মাত্রা। ফলে ঈদকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও কয়েকগুণ বেড়েছে চুইঝালের চাহিদা।

ফকিরহাট বাজারের চুইঝাল ব্যবসায়ী মামুন শেখ বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদ সামনে রেখে চুইঝালের ব্যাপক চাহিদা বেড়েছে। বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় দামও বেড়েছে। আকার ও মানভেদে প্রতি কেজি চুইঝাল ৮০০ টাকা থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

মামুন শেখ আরো বলেন, শুধু বাগেরহাট নয়, পাশের জেলা খুলনা, পিরোজপুর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরসহ দেশের বিভিন্ন জেলা থেকেও খুচরা ব্যবসায়ীরা ফকিরহাট বাজারে চুইঝাল কিনতে আসছেন। ফলে কেনাবেচাও কয়েকগুণ বেড়েছে।

গোপালগঞ্জের চুইঝাল ব্যবসায়ী শেখ আকবর আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ পৌর মার্কেটে চুইঝালের ব্যবসা করছি। বাগেরহাটের ফকিরহাট বাজার থেকে পাইকারি দামে চুইঝাল সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করি। তিনি বলেন, বাগেরহাটের চুইঝালের চাহিদা বেশি, কারণ এখানকার চুইঝালের স্বাদ অনেক ভালো।

সদর উপজেলার যাত্রাপুর বাজারের চুইঝাল বিক্রেতা মো. শুকুর শেখ বলেন, কোরবানির ঈদ উপলক্ষে বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। সে অনুযায়ী আমরা খুচরা ক্রেতাদের চুইঝাল দিতে পারছি না। কারণ পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে দামও কিছুটা বেড়েছে।

বরিশাল থেকে ফকিরহাট বাজারে চুইঝাল কিনতে আসা কালাম শেখ বলেন, সামনে কোরবানির ঈদ। তাই চুইঝাল কিনতে এসেছি। বাগেরহাটের চুইঝালের ঝাঁঝ ও স্বাদ অনেক ভালো। এটি মাংসের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া গ্যাসের সমস্যা, কাশি ও বাতের ব্যথাসহ নানা সমস্যায় উপকারে আসে চুইঝাল। 

ফকিরহাট বাজারে চুইঝাল কিনতে আসা সোহেল শেখ বলেন, আমরা বাগেরহাটের মানুষ, তাই চুইঝাল আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি মসলা। বাগেরহাটের প্রায় প্রত্যেক বাড়িতে মাংস রান্নায় চুইঝাল ব্যবহার করা হয়। শুধু চুইঝাল নামেই বাগেরহাট ও খুলনায় অনেক হোটেল গড়ে উঠেছে,  যেখানে শুধু চুইঝালে রান্না গরুর মাংস বিক্রি করা হয়।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, চুইঝাল একটি ঔষধি গুণসম্পন্ন মসলা। এটি কোষ্ঠকাঠিন্য দূর করা, গ্যাসের সমস্যা কমানো, রুচি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। এ ছাড়া রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতেও এর জুড়ি নেই।

উপপরিচালক আরো বলেন, এ বছর বাগেরহাট জেলায় ৩২ হেক্টর জমিতে চুইঝালের আবাদ হয়েছে। সেখান থেকে প্রায় ৬৮ মেট্রিক টন চুইঝাল উৎপাদিত হয়েছে। চাষিদের আগ্রহ বাড়াতে চারা বিতরণসহ বিভিন্ন পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।