ফেনীতে মারধরের শিকার মো. জসিম উদ্দিন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জসিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, ওই এলাকায় তাকে মারধর করা হয়েছিল।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় জানা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়। তবে এটি গণপিটুনির ঘটনা নয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে আমরা জেনেছি।
তিনি আরো জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





