• ই-পেপার

চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েক যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

কসবা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি টিপু, সম্পাদক মেহেদী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি টিপু, সম্পাদক মেহেদী
আব্দুল মান্নান টিপু ও শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় প্রেস ক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

ঈশ্বরদী প্রেস ক্লাবের গঠনতন্ত্রে উল্লিখিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্রের বিধি মোতাবেক সাবজেক্ট কমিটির পরামর্শে সভাপতি সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু ও সাধারণ সম্পাদক হিসেবে কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়েছে। 

এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে খবরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, সমকাল প্রতিনিধি সেলিম সরদার, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান, কার্যনির্বাহী সদস্য দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী খুব শিগগিরই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন কমিটির সভাপতি আব্দুল মান্নান টিপু। 

ভাঙ্গায় মাদকসহ কারবারি আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় মাদকসহ কারবারি আটক
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামে গাঁজাসহ জুবায়ের শেখ নামক এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

এলাকাবাসী সূত্রে  জানা যায়, একটি ইজিবাইকে করে সোমবার ভোরে জুবায়ের শেখ ভাঙ্গা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামে গাঁজা সরবরাহ করতে যান। এ সময় স্থানীয়রা তাকে সন্দেহ করে ও চ্যালেঞ্জ করে ইজিবাইক তল্লাশি করেন। এ সময় প্রায় ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয় ও ভাঙ্গা থানায় খবর দেওয়া।

পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের এসআই আলমগীর শরিফ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আটকের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে।

নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মুন্সী বলেন, ‘জুবায়ের শেখ ছোটপাল্লা এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এ সময় গাঁজাসহ জনতার হাতে আটক হয়।’

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, উদ্ধার গাঁজা জব্দ করা হয়েছে এবং আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মান্দায় আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দায় আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২
ছবি : কালের কণ্ঠ

নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তৈয়বুর রহমান মোল্লা (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন হাটোইর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তাঁর ছেলে স্বাধীন (২২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশুসন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম পাড়ে। এ নিয়ে আব্দুল মোমিন ওই শিশুকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

আরো পড়ুন
টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

 

এর জের ধরে সোমবার সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮), আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে জখম করা হয়।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়িসংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারও হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় বাধা দিতে গেলে তৈয়বুর মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে।