মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। সে স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ব্রাজিলের পতাকা টাঙাতে ফিলিং স্টেশনের একটি আম গাছে উঠে। এসময় অসাবধানতাবশত আম গাছের পাশের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় হয়। তাৎক্ষণিক আম গাছ থেকে নিচে পড়ে যায়। আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের সুরতাল রিপোর্ট তৈরি করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




