• ই-পেপার

রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে স্বজনদের সংঘর্ষ

বিশ্বকাপ উন্মাদনায় পুলিশের প্রীতি ম্যাচ, আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বিশ্বকাপ উন্মাদনায় পুলিশের প্রীতি ম্যাচ, আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাড়তি উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক পুলিশ দলকে হারিয়েছে ব্রাজিল সমর্থক পুলিশ দল।

শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই দলে বিভক্ত হয়ে খেলায় নেন।

আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।

৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে ম্যাচে ফিরে আসে ব্রাজিল সমর্থক দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এসময় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, চলমান বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হওয়ায় থানার সদস্যরাও দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই বেশ আনন্দিত।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, এ ধরনের আয়োজন প্রশংসনীয়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষকে বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব, আজকের আয়োজন সেই বার্তাই দিয়েছে।

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

সনদসর্বস্ব মুখস্থ বিদ্যার বদলে সরকার প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়াম ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব  বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মুখস্থ বিদ্যা বাদ দিতে হবে। মেধার চর্চা করতে হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। কর্মমুখী শিক্ষাব্যবস্থা শুধু সনদ প্রদান করবে না, বরং দক্ষ মানবসম্পদ তৈরি করবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবে এবং নতুন উদ্যোক্তা তৈরি করবে।’ 

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সনদসর্বস্ব মুখস্থ বিদ্যার বদলে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাকে সরাসরি উৎপাদন, শিল্প খাত ও কর্মসংস্থানের সাথে যুক্ত করতে হবে। তাই সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখরিত শ্রীমঙ্গল

মৌলভীবাজার প্রতিনিধি
‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখরিত শ্রীমঙ্গল
ছবি: কালের কণ্ঠ

বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য উন্মাদনা মিছিল করেন ব্রাজিল সমর্থকরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে হলুদ-সবুজ পতাকা নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো।

শুক্রবার (১২ জুন) বিকেলে পৌর শহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শাপলাবাগ, সিন্দুরখান সড়ক, জালালিয়া সড়ক, ভানুগাছ সড়ক হয়ে গুহ রোড, কলেজ রোড, মৌলভীবাজার রোড, মিশন রোড, হবিগঞ্জ রোড চৌমূহনা চত্তর এবং স্টেশন সড়কে তারা মিছিল করে। মিছিলে নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

ব্রাজিলের জার্সি পরিহিত তরুণ-যুবক মোটরসাইকেল, চাঁদের গাড়ি (জিপ) ও ঘোড়ার গাড়ি নিয়ে শহরের প্রধান প্রধান এসব সড়ক প্রদক্ষিণ করেন।

ব্রাজিল সমর্থক  সাইফুল ইসলাম, সাজু, জহিরুলসহ অনেকেই জানান, মিছিল চলাকালে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। একপর্যায়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তবে বৈরী আবহাওয়া ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা ফেলতে পারেনি। বরং বৃষ্টিতে ভিজেই তারা প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

00

তারা আরো জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার অংশ। তাই প্রতিকূল আবহাওয়া তাদের উচ্ছ্বাসকে দমিয়ে রাখতে পারেনি।

গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজন দেখতে পেয়ে তারা আনন্দিত। বৃষ্টির মধ্যেও সমর্থকদের উচ্ছ্বাস শহরের মানুষের নজর কেড়েছে।

ব্রাজিল সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন শ্রীমঙ্গলের ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের এই দৃশ্য অনেকের কাছেই স্মরণীয় হয়ে থাকবে।

র‌্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে।  তারা আরও বলেন, ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালিই জানান দিচ্ছে, বিশ্বকাপে জিতবে এবার ব্রাজিল।

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প

চাল থেকে পাওয়া যাবে প্রোটিনও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চাল থেকে পাওয়া যাবে প্রোটিনও
ছবি: কালের কণ্ঠ

চাল থেকে শর্করার পাশাপাশি পাওয়া যাবে প্রোটিনও। কলা ও ধানের সংমিশ্রণে চাল থেকে প্রোটিন পাওয়া সম্ভব। এমন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি স্কুল, যেটা উদ্ভাবনী প্রকল্প হিসেবে প্রথম স্থান অধিকার করে।

আজ শুক্রবার আখাউড়া উপজেলায় অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয় প্রকল্পটি উপস্থাপন করে। শিক্ষক ও শিক্ষার্থী উভয় ক্যাটাগরিতে এটি প্রথম স্থান অর্জন করে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

প্রতিযোগিতায় ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়ের উপস্থাপিত ‘রিকম্বিনেট ডিএনএ মডেল প্রোটিন এনরিচড উইথ রাইস’ শীর্ষক প্রকল্পটি বিচারকদের কাছে সর্বোচ্চ মূল্যায়ন পায়। এ সময় জানানো হয়, কলার প্রোটিনের ডিএনএ নিয়ে ধান বীজে প্রতিস্থাপন করে কলার প্রোটিন চালেও পাওয়া সম্ভব। তার মানে চালের শর্করা ও কলার প্রোটিন চাল থেকেই পাওয়া যাবে।

এ প্রকল্পে সহযোগিতায় থাকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘একই প্রকল্প নিয়ে শিক্ষার্থী ক্যাটাগরিতেও প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী সাইমা আক্তার, আয়েশা আক্তার ও জান্নাত আক্তার।’ এ ছাড়া তিনি ও শিক্ষক দেলোয়ার হোসেন শিক্ষক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

আশিকুজ্জামান জানান, আমাদের এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে একসঙ্গে প্রোটিন ও শর্করা পাওয়া। আয়োজন চলাকালে বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ভূঁইয়া।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রথমবারের মতো দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব জীবনের সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার দক্ষতা বিকাশে উৎসাহিত করা হবে।