নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মো. জাফর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকাল আনুমানিক ৫টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ জাফর উপজেলার দক্ষিণ লালপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যান চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে একই দিকে আসা গরুবোঝাই ইঞ্জিনচালিত লম্বা বডির ভটভটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান চালক মো. জাফর সড়কে ছিটকে পড়ে মাথা, কান ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান।
এ ঘটনায় ভটভটি চালক উপজেলার ভাটপাড়া চামটিয়া এলাকার মো. এস্কেন মন্ডলের ছেলে মো. আনিসুর রহমানকে গরুভর্তি ভটভটিসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





