নরসিংদীর রায়পুরায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া ও বাদল মিয়া নামে দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুরা পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহিষমারা এলাকায় একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে তারা চলে গেলে, বিপুলসংখ্যক লোকজন মাদকবিরোধী স্লোগান দিতে দিতে স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে পরিচিত জুয়েল মিয়া ও বাদল মিয়ার বাড়ির দিকে অগ্রসর হয়।
এ সময় উত্তেজিত জনতা জুয়েল মিয়ার একটি চৌচালা টিনের ঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বাদল মিয়ার একটি দোচালা টিনের ঘরেও ভাঙচুর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সভা শেষে প্রায় এক হাজার মানুষ জড়ো হয়। অনেকের হাতে লাঠি ও দা ছিল। মাদকবিরোধী স্লোগান দিতে দিতে তারা অভিযুক্তদের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর চালায় এবং পরে জুয়েল মিয়ার ঘরে অগ্নিসংযোগ করে। তবে বাড়ি দুটিতে তাদের পরিবারের কেউ ছিল কিনা তা জানা যায়নি।
ভাঙচুরে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি দাবি করেন, জুয়েল ও বাদল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, মাদক কারবারিদের কোনো আস্তানা এলাকায় থাকতে দেওয়া হবে না। তবে এসব অভিযোগের বিষয়ে জুয়েল মিয়া ও বাদল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে, তবে কারও সম্পত্তি নষ্ট করার পক্ষে নই। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, জনগণ মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিতে পারে কিংবা তাদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারে। কিন্তু কারো সম্পত্তি ধ্বংস করার অধিকার কারো নেই। মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে অবহিত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।