• ই-পেপার

ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘জ্বালা ধরেছে’ : জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘জ্বালা ধরেছে’ : জোনায়েদ সাকি
ছবি : কালের কণ্ঠ

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘জ্বালা ধরেছে’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার। পলাতক ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বিগত প্রায় চার মাসে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দেখে ফ্যাসিস্টদের মনে ও গায়ে জ্বালা ধরে গেছে। তারা এখনো ষড়যন্ত্র ও কুৎসা রটানোর চেষ্টা করছে। গত ১৫ বছর ধরে তারা শুধু চুরি, লুটপাটই করেনি, বিদেশে হাজার কোটি টাকা পাচার করে করেছে। চোরের মায়ের আবার বড় গলা!’

সাবেক ভিপি আব্দুল মান্নানের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘উপজেলা বিএনপিকে তিনি টিকিয়ে রেখেছিলেন বহুবার কারাবরণ, মিথ্যা মামলা ও হামলা মাথায় নিয়ে।’

বাঞ্ছারামপুরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে তিনি বলেন, ‘বাঞ্ছারামপুর ঢোলভাঙ্গা নদীর সংস্কার হবে। ইতোমধ্যে এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা ভবন ১৫ তলা ও ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন।’

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা,জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, বিএনপি যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, বিএনপি নেতা জালাল উদ্দিন বাদল, শিশু মিয়া, আব্দুল আইয়ুম, ইমান আলী, সালাউদ্দিন আহমেদ বাসু সহ  যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।

সৈয়দপুরের গোলাহাটে গণহত্যার স্বীকৃতি দাবি

অনলাইন ডেস্ক
সৈয়দপুরের গোলাহাটে গণহত্যার স্বীকৃতি দাবি

১৯৭১ সালের ১৩ জুন নীলফামারীর সৈয়দপুরের গোলাহাটে বিহারি ও পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয়েছিলেন ৪৫০ হিন্দু ও মাড়োয়ারি। সেই ঘটনায় গণহত্যার স্বীকৃতির দাবি উঠেছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘১৯৭১ জেনোসাইড বাংলাদেশ : গোলাহাট, সৈয়দপুর ৫৫ বছর স্মরণ আয়োজন’ অনুষ্ঠানে এই দাবি জানিয়েছেন আলোচকরা। অনুষ্ঠানটির আয়োজন করে জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরাম ও বাংলা ভুবন ঐকতান।

দেসিনের গণহত্যার বর্ণনা তুলে ধরেন জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরামের নির্বাহী পরিচালক খালিদা আক্তার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে হিন্দু ও মাড়োয়ারি সম্প্রদায়ের শত শত মানুষকে একটি ট্রেনে তোলা হয়েছিল। গোলাহাট এলাকায় ট্রেন থামিয়ে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এতে অন্তত ৪৫০ জন নিহত হন। নারী, পুরুষ ও শিশু—কেউই এ হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাননি।

খালিদা আক্তার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাটে সংঘটিত হত্যাকাণ্ড ছিল মানব সভ্যতার ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই গণহত্যার বিচার ও যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় মুক্তিযুদ্ধের সময় সিলেটের আদিত্যপুর, নীলফামারীর কালীগঞ্জ ও নাটোরের ছাতনী গণহত্যার বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডে পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় রাজাকার ও স্বাধীনতাবিরোধী সহযোগীরাও অংশ নেয়। আদিত্যপুরে শান্তি কমিটির পরিচয়পত্র দেওয়ার কথা বলে ৬৫ জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে ডেকে নিয়ে রশি দিয়ে বেঁধে গুলি করে হত্যা করা হয় এবং পরে বহু নারী নির্যাতনের শিকার হন।

অধ্যাপক জেবউননেছা বলেন, কালীগঞ্জে শরণার্থীদের দুই ভাগে ভাগ করে একদলকে গুলি এবং অন্যদলকে পাশের খালপাড়ে নিয়ে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে। অন্যদিকে, নাটোরের ছাতনীতে রাতে গ্রাম ঘেরাও করে ঘুমন্ত মানুষদের হত্যার পর মরদেহ শনাক্ত কঠিন করে তুলতে নৃশংসতা চালানো হয়।

এসব গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, বধ্যভূমি সংরক্ষণ এবং শহীদদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

কালীগঞ্জ

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১২ জুন) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১৩ জুন) দুপুরে একটি মামলা করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরো একটি বিস্ফোরণ ঘটে। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে সে সময় সেখানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত সরে গিয়ে প্রথমে থানায় এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু জানান, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে তিনি পার্টি অফিস থেকে বাড়িতে আসেন। খাওয়াদাওয়া শেষে ফোনে খবর পেয়ে অফিসে যান। এ সময় অফিসের ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ বোমা হামলার বিষয়টি তদন্ত করছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, এ ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা করেছেন।

ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে প্রাণ গেল সমর্থকের

ভোলা প্রতিনিধি
ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে প্রাণ গেল সমর্থকের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক সমর্থক নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৩ জুন) বিকেল সোয়া ৫টার দিকে বোনহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সবুজ নামের আরেক পধচারী আহত হয়েছেন। নিহত ইসমাইল উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চকিদারবাড়ির মো. মাকসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকেল ৪টার দিকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনের দিকে রওনা করেন ইসমাইল। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামের এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শোভাযাত্রাটি সাময়িক স্থগিত করেছে আয়োজকরা।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, খবর পেয়ে তারা হাসপাতাল গিয়েছেন। তবে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।