ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিনজন কথিত মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (১৬ জুন) সকালে নান্দাইল পৌরসভার দুটি এবং উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দশালিয়া মহল্লার বাসিন্দা মো. ইদ্রিস আলী ও আবদুল কাদিরের বাড়িতে হামলা চালান এলাকাবাসী। তাদের অভিযোগ, ওই দুই বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল।
এলাকাবাসীর দাবি, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছিল। বিভিন্নভাবে চেষ্টা করেও মাদক বিক্রি বন্ধ করতে না পেরে মঙ্গলবার সকালে শতাধিক মানুষ একত্রিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে ওই দুই ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
ঘটনার পর থেকে ইদ্রিস আলী ও আবদুল কাদির আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘর, রান্নাঘরের টিনের বেড়া এবং শৌচাগার ভাঙচুর করা হয়েছে। তবে ইদ্রিসের স্ত্রী শিল্পী আক্তার দাবি করেন, তার স্বামী আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা ছেড়ে দিয়েছেন।
এদিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চারকান্দা গ্রামে কথিত মাদক ব্যবসায়ী সুজন মিয়ার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা জানান, বাড়ি ভাঙতে গেলে সুজন প্রতিরোধের চেষ্টা করেন। পরে উত্তেজিত জনতা তাকে সরিয়ে দিয়ে বাড়িঘর ভেঙে ফেলে।
স্থানীয় সূত্র আরো জানায়, গত সপ্তাহেও নান্দাইল উপজেলার সিংদই ও জাহাঙ্গীরপুর গ্রামে দুই কথিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। মাদক ব্যবসায়ী থাকলে জনগণ তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারেন। কিন্তু প্রচলিত আইন কারো বাড়ি ভাঙচুর সমর্থন করে না।’



