• ই-পেপার

গীতিকার ও সুরকার মোস্তফা নূরুজ্জামানকে খুলনায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৭ জুন) তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এতে সেখানে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহেল রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন জানান, মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা ওই স্লোগান দিচ্ছিলেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।

তবে এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বুধবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা সদরে আসার কথা রয়েছে তারেক রহমানের। তার সফরকে ঘিরে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নুর হোসেন (২১) নামে এক যুবক নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিপলু আহমেদ এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিৎ নন্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুর হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সোদার গ্রামের আজহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএমএস ও সুন্দরবন পরিবহনের দুটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সুন্দরবন পরিবহনের বাসটি জিএমএস পরিবহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যাত্রীবাহী দুটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী আহত হন। 

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ১৭ জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় দিকে অন্তত ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

মেঘনায় অটোরিকশাচাপায় শিশু নিহত, আইসিইউতে তরুণী

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
মেঘনায় অটোরিকশাচাপায় শিশু নিহত, আইসিইউতে তরুণী
সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশাচাপায় মো. আব্দুল্লাহ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় অটোরিকশায় থাকা সাদিকা আক্তার (২০) নামের এক তরুণী গুরুতর আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং জিলানী মিস্ত্রির নাতি।

স্থানীয় সূত্র জানায়, হরিপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে একই পরিবারের তিন সদস্য অটোরিকশাযোগে রামপুরের উদ্দেশে রওনা হন। বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নুরুল ইসলাম অটোরিকশাটি চালাচ্ছিলেন।

পথে রেখা প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশু আব্দুল্লাহ হঠাৎ বাড়ি থেকে রাস্তায় চলে আসে। এ সময় সে অটোরিকশার নিচে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ধাক্কায় শিশুটি আহত হলেও তার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল না। তবে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে অটোরিকশার সামনের লোহার অংশ শিশুটির মাথায় ঢুকে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আব্দুর রশীদের স্ত্রী আনিকা বেগম (৪০), বড় মেয়ে সাদিকা আক্তার (২০) ও ছোট মেয়ে মার্জিয়া আক্তার (৫) আহত হন। তাদের মধ্যে সাদিকার অবস্থা গুরুতর।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদিকাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শয্যা না পাওয়ায় পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা অটোরিকশাটি নিজেদের হেফাজতে রেখেছেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবার সাভার থানার ওসি হেলাল উদ্দিনকে বদলি

সাভার (ঢাকা) প্রতিনিধি
এবার সাভার থানার ওসি হেলাল উদ্দিনকে বদলি
সংগৃহীত ছবি

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তিন এসআইকে পুলিশ লাইনে ক্লোজ করার পর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনের সঙ্গে পৌরসভা এলাকার রাজাসন মহল্লার মাদক সম্রাট শামীম, বেদে পল্লীর একাধিক মাদক ব্যবসায়ী ও দেওগা গ্রামের মাদক কারবারিদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ইয়াবা উদ্ধার ও বিক্রয়ের কেলেঙ্কারি ফাঁসসহ মাদককাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে বিষয়টি বেরিয়ে এলে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনকে বদলি করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।