পিরোজপুরের জিয়ানগরে সুমাইয়া আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৫ জুন) রাত ৯ টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার বারইখালী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার চর-গাজীপুর গ্রামের মো. মামুন শেখের মেয়ে।
পরিবারের সদস্যদের দাবি, সুমাইয়ার বাবা তাকে বকা দেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা উকুননাশক ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মো. মামুন শেখ বলেন, মেয়েকে একটি বিষয়ে নিষেধ করার পর সে অভিমান করে বিষাক্ত ওষুধ পান করে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বাত খান বলেন, নিহত সুমাইয়ার বাবা বাদী হয়ে ১৬ জুন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





