• ই-পেপার

ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ছাতকে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় বক্তব্য দেন শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা ও তন্ময় চৌধুরী তপু। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্রী উম্মে ফাতেমা স্পৃহা, দেবযানী রায় এবং ছাত্র সুজন বর্মণ স্নেহ।

শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ছাতক শহরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, ফুটপাত দখলমুক্ত করা, অপ্রাপ্তবয়স্ক ও নেশাগ্রস্ত চালকদের নিয়ন্ত্রণ এবং পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তারা শহরে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

ইউএনও মো. মহি উদ্দিন জানান, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাতক শহরে নিরাপদ সড়ক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে আগামী ২০ জুন একটি আলোচনাসভার আয়োজন করা হবে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

লাকসামে জিয়া সাইবার ফোর্সের বৃক্ষরোপণ কর্মসূচি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে জিয়া সাইবার ফোর্সের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লাকসামে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লাকসাম রেলওয়ে জংশন লেকপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ।

আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে জিয়া সাইবার ফোর্সের লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা এ উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মজির আহমেদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নির্মল ও স্বচ্ছ বায়ু নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। লাকসামকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ শহরে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরো বলেন, একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আলহাজ মো. মোস্তফা কামাল, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) লাকসাম উপজেলা কমিটির সহ-সভাপতি জান্নাত সোলায়মান, পৌরসভা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুর রহমান রুপাসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলায় মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলায় মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা
ছবি : কালের কণ্ঠ

‘চলুন আমরা একসঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলা করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ডাক্তার ঝান্ডা হলে এ কর্মশালার আয়োজন করা হয়। কোইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ডা. সিনাং লিম। এ সময় আরো বক্তব্য দেন ফিল্ড ম্যানেজার লিপস মৃ, কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হাই, প্রান্তিক রায় ও খোরশেদ আলম।

আলোচনায় বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে কুমুদিনী হাসপাতালের অভিজ্ঞ নার্সরা মাঠকর্মীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করার ব্যবহারিক প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের প্রায় ২০০ মাঠকর্মী অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে দুইটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতা ও ওভারটেকিং করার সময় ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে। 

নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের আফসার আলীর ছেলে। 

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় দুটির ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ওসি বলেন, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।