অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, অপরাধীর কোনো পরিচয় নেই। কোনো রাজনৈতিক দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৬ জুলাই) সকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেসড), প্রযুক্তিনির্ভর (টেক-বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে অপরাধ প্রতিরোধ ও তদন্ত আরো ফলপ্রসূ হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং পরিচালিত হবে। অপরাধ সংঘটনের পর শুধু ব্যবস্থা নেওয়া নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন ও জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা পুলিশি সেবার মানোন্নয়নে সহায়ক হবে।
মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








