• ই-পেপার

বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত?

বাংলাদেশে প্রথমবার স্পেস ড্রামা ও কসমিক রোমান্স নিয়ে সিনেমা

বিনোদন প্রতিবেদক
বাংলাদেশে প্রথমবার স্পেস ড্রামা ও কসমিক রোমান্স নিয়ে সিনেমা
সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। তাঁর নতুন সিনেমা ‘লিম্বো’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবার ছবিটির গল্প, নির্মাণ পরিকল্পনা ও বিশেষত্ব নিয়ে বিস্তারিত জানালেন নির্মাতা।

অংশুর ভাষ্য অনুযায়ী, ‘লিম্বো’ হবে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র। মহাকাশের বিস্তৃত প্রেক্ষাপটের সঙ্গে মানবিক সম্পর্ক, অনুভূতি ও ভালোবাসার গল্পকে এক সুতোয় গেঁথে নির্মিত হবে ছবিটি। দেশের চলচ্চিত্রে এমন জনরা ও গল্প বলার ধরণ আগে দেখা যায়নি বলেই দাবি নির্মাতার।

শুধু গল্পের দিক থেকেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি হবে ব্যতিক্রম। বিশেষ করে ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) এবং নির্মাণের পরিসর আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, আগামী আগস্ট থেকে সম্ভাব্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং চুক্তির কাজ শুরু হতে পারে। পাশাপাশি বাণিজ্যিক মুক্তির আগে বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে নির্মাতার।

May be an image of one or more people, henna and text that says 'CABIN- IN CINEMAS 2027 LIMBO A TANEEM RAHMAN ANGSHU FILM'

দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তানিম রহমান অংশু বলেন, ‘গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’

ছবিটির নির্মাণ যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন তিনি। অংশু বলেন, ‘আমার মনে হয় “লিম্বো” খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।’

এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা লিখেছিলেন, দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।

ভিন্নধর্মী গল্প ও আন্তর্জাতিক মানের নির্মাণ পরিকল্পনা নিয়ে তৈরি হতে যাওয়া ‘লিম্বো’ ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টেইলর সুইফটের বিয়ের তারিখ ফাঁস করে দিলেন মামদানি?

বিনোদন ডেস্ক
টেইলর সুইফটের বিয়ের তারিখ ফাঁস করে দিলেন মামদানি?
সংগৃহীত ছবি

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে কবে হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। 

এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হঠাৎই টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ টেনে আনেন মেয়র। 

নিউইয়র্কে গ্রীষ্মকালীন বিভিন্ন বড় আয়োজনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্‌যাপন। এবার একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’

মেয়রের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কারণ, এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে—মেয়র কি অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন?

তবে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কিছুটা মজার ছলেই প্রতিক্রিয়া জানান মামদানি। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাঁদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।’

এরপর টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘আমি বাড়িতে বসেই গানটা শুনব।’

এদিকে মার্কিন কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা করছেন টেইলর ও ট্রাভিস। গুঞ্জন রয়েছে, নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বসতে পারে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। এমনকি আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য প্রকাশ না করতে গোপনীয়তা চুক্তি (এনডিএ) সই করার কথাও শোনা যাচ্ছে।

সম্ভাব্য অতিথি তালিকায় হলিউড ও সংগীত অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকার নাম ঘুরে বেড়াচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ এবং সেলেনা গোমেজ।

২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বজুড়ে আলোচিত তারকা জুটিতে পরিণত হন। এরপর ২০২৫ সালে বাগ্‌দানের খবর তাঁদের সম্পর্ককে নতুন মাত্রা দেয়।

বিয়ের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি নিউইয়র্কে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে এই জুটিকে। ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘ওহ, ম্যারি!’ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন ডিনার ডেটেও তাঁদের দেখা গেছে।

যদিও এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু নিউইয়র্কের মেয়রের মন্তব্যে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। এখন অপেক্ষা—জুলাইয়ের শুরুতেই কি সত্যিই বসছে বছরের সবচেয়ে আলোচিত তারকাবিয়ের আসর?

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল?

বিনোদন প্রতিবেদক
কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল?
সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

পোস্টে আরো দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই । তিনি জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়। তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। 

এরপর বিষয়টি নিয়ে জানতে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠকে তিনি বলেন, এখনও বিষয়টি সম্পর্কে কিছু জানি না। নিশ্চিত হতে পারছি না, কারণ তাদের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারিনি। 

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাহুলের মৃত্যুর তদন্তে এবার নতুন মোড়

বিনোদন ডেস্ক
রাহুলের মৃত্যুর তদন্তে এবার নতুন মোড়
সংগৃহীত ছবি

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। ঘটনার প্রায় আড়াই মাস পর মামলার তদন্তভার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকের পর এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।

এর আগে রাহুলের মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করে। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত সিআইডির কাছে হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকে। একই সঙ্গে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

সংগঠনটি অভিযোগ করেছে, শুটিং চলাকালে নিরাপত্তা বিধিতে ঘাটতি এবং নিয়ম লঙ্ঘনের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে।

জানা গেছে, এআইসিডব্লিউএর কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি শুটিং সেটে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে ওডিশা সরকারের গঠিত এসআইটি।

তদন্তে সিআইডির সম্পৃক্ততা রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই নজর রয়েছে পরিবার, সহকর্মী এবং ভক্তদের।