আগামী বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য, প্রতিবন্ধীসেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সুবিধা। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘোষণা দেবেন।
কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানির ওপর থাকা ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার হতে পারে। এতে কিডনি রোগীদের প্রতিটি ডায়ালিসিসে খরচ সাশ্রয় হবে প্রায় ৬০০ টাকা। ওষুধ উৎপাদনে ব্যবহৃত ৬৮টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসতে পারে। ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত ৯টি কাঁচামাল আমদানিতে দেওয়া হতে পারে কর রেয়াত সুবিধা। এ ছাড়া হার্টের রিং ও চোখের লেন্সের ওপর থাকা ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হতে পারে। শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য আমদানি করা ১৫টি পণ্যের অগ্রিম আয়করের হার ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে।
এ ছাড়া এক হাজার ৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ি ও খেজুর আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার, বালাইনাশক উৎপাদনের ৩৬টি কাঁচামালে ভ্যাট প্রত্যাহার, লোশন-ফেস ক্রিম ও ফেস ওয়াশে শুল্ক-কর কমানো, পোলট্রি-ডেইরি ও মৎস্য খাদ্যের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা, বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার, সিনথেটিক ওভেন ফ্যাব্রিকস আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার, ফ্লোট গ্লাস উৎপাদনের পাঁচটি কাঁচামাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক হ্রাস, সার-কীটনাশকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট ও কর প্রত্যাহার, প্যাকেজিং পণ্য সরবরাহের ওপর উৎসে করে কমিয়ে ৩ শতাংশ, পরিবহন-ক্যারিং-গাড়ি ভাড়া সেবা খাতে উৎসে কর কমিয়ে ২ ও রিসাইকলড পণ্য ও রিসাইক্লিং কাঁচামালের করহার কমে ১ শতাংশ হতে পারে।




