• ই-পেপার

বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

  • ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে

দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে ভারি বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে ভারি বর্ষণ
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।

শুক্রবার (১২ জুন) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সবশেষ পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গণমানুষের বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির লোক : স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
গণমানুষের বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির লোক : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি সরকার ‘গণমানুষের বাজেট’ ঘোষণা করেছে। সরকার ব্যাংকমুখী না হয়ে ঘোষিত এই বাজেটকে যারা দলীয়করণ বলছে, তারা খুবই নিকৃষ্ট প্রকৃতির লোক।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবার কক্সবাজার আগমন উপলক্ষে শুক্রবার (১২ জুন) সকালে কক্সবাজার পৌঁছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ শেষে চকরিয়া পৌরসভার বাস টার্মিনালের মাঠে তিনি ঘোষিত বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

নিজ জেলায় প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করেছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’

শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে কক্সবাজারের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

প্রশাসনে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে গতিশীলতা আনতে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সেই সঙ্গে আরো ২ যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ ও প্রেষণ-১ শাখা থেকে জারি করা পৃথক ১১টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. সাবেত আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত যুগ্ম-সচিব এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া প্রেষণে দায়িত্ব পালন শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা যুগ্ম-সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের’ মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক এবং রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনগুলো দেখতে এখানে ক্লিক করুন

আকস্মিক কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রী, কথা বললেন পর্যটকদের সঙ্গে

অনলাইন ডেস্ক
আকস্মিক কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রী, কথা বললেন পর্যটকদের সঙ্গে

আকস্মিক কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শন করেছেন তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারা পায়ে হেঁটে সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সুবিধা-অসুবিধার কথা জানতে চান।

শুক্রবার (১২ জুন) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

তারা হেঁটে সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট ধরে লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রীরা পর্যটকদের কাছে তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের পর্যটকদের নিরাপত্তা, সৈকতের পরিচ্ছন্নতা, ট্যুরিস্ট পুলিশের ভূমিকা, পরিছন্নতাকর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজ নেন তারা।

পর্যটকরা প্রতিমন্ত্রীদের কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিমন্ত্রীদের কাছে সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরো আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।

জবাবে পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে বাংলাদেশের অন্যান্য সব পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেল-মোটেল স্থাপনসহ পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।